বিপৎসীমা ছুঁতে পারে তিস্তা-ধরলা-দুধকুমার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তরের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (২০ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে উত্তরের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে উত্তরের জেলাগুলোতে সাময়িক বন্যা দেখা দিতে পারে এবং এ অবস্থা আগামী পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানান, গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে শুধু উত্তরাঞ্চল নয়, দেশের আরও কয়েকটি এলাকাতেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রের সতর্কবার্তায় নেত্রকোনার কামলাকান্দা, সিলেটের কানাইঘাট ও ফেঞ্জুগঞ্জ এবং বাগেরহাটের মোংলা এলাকায় পানি বৃদ্ধিজনিত ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও খুলনা বিভাগসহ ভারতের অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। উজানের এ বৃষ্টির পানি এবং দেশের অভ্যন্তরীণ বর্ষণ মিলিয়ে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।
আগামী পাঁচ দিনে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে। তবে আপাতত এসব নদীর পানি বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী কয়েক দিন এ অবস্থাই বজায় থাকতে পারে, যদিও পরবর্তী সময়ে কিছুটা পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ক্রমাগত বাড়ছে। আগামী তিন দিনের মধ্যে নদী দুটির পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা কিংবা প্লাবনের ঝুঁকি তৈরি হতে পারে।
এছাড়া ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী, জিঞ্জিরাম, কংস ও ভুগাই নদীর পানিও বাড়ছে। আগামী দিনগুলোতে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
সবার দেশ/কেএম




























