সুস্থ হয়েই ফের যোগ দিলেন বিক্ষোভে
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। সোমবার (২০ জুলাই) প্রচণ্ড গরমে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর আবারও আন্দোলনস্থলে ফিরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, অসুস্থ হয়ে পড়ার পর শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মীরা শাবানা আজমিকে নিরাপদ স্থানে নিয়ে যান। প্রচণ্ড গরমে তিনি প্রায় অচেতন হয়ে পড়লে তাকে একটি কক্ষের ফ্যানের নিচে বসিয়ে প্রাথমিক সেবা দেয়া হয়। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি সুস্থ বোধ করলে পুনরায় আন্দোলনে অংশ নেন।
আন্দোলনস্থলে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জড়িয়ে ধরে উৎসাহ দেন শাবানা আজমি। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান।
শাবানা আজমি বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করেই এ শান্তিপূর্ণ আন্দোলন চলছে। এখানে কোনও ধরনের সহিংসতা বা অশান্তি সৃষ্টির উদ্দেশ্য নেই।
আন্দোলনস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলিউডের অন্যান্য তারকার অনুপস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। শিল্পীরা কেন আন্দোলনে আসছেন না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ একই প্রশ্ন দেশের বড় শিল্পপতি বা ব্যবসায়ীদেরও করা উচিত।
অসুস্থতা কাটিয়ে সন্ধ্যায় যন্তর মন্তর থেকেই প্রকাশিত এক ভিডিও বার্তায় শাবানা আজমি জানান, শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি তাদের পাশে থাকবেন। এ সময় তিনি তার বাবা, প্রখ্যাত কবি কাইফি আজমীর একটি কবিতার অংশ আবৃত্তি করে আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেন।
তিনি আরও জানান, তার স্বামী, কবি ও গীতিকার জাভেদ আখতারও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে জাভেদ আখতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও লিখেছেন বলে উল্লেখ করেন শাবানা।
উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। সাম্প্রতিক দিনগুলোতে শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























