Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ১৩ জুলাই ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার

সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার
ছবি: সংগৃহীত

স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দীর্ঘ সংসদীয় জীবনে যে প্রাঙ্গণে তিনি দায়িত্ব পালন করেছেন, সে সংসদ ভবন চত্বরেই তাকে সমাহিত করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের টানেলে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ চত্বরে নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বিচারপতি, আইনজীবী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

জানাজার আগে ও পরে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই অশ্রুসিক্ত নয়নে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবনের সহকর্মীরা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রজ্ঞা, সৌজন্য, বিনয়, সততা এবং সংসদীয় গণতন্ত্রের প্রতি তার অবিচল নিষ্ঠার কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানাজায় অংশ নিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব এএসএম বাহাউদ্দিন, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও অন্যান্য হুইপ এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষে সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দেশের প্রবীণ এ রাজনীতিক, প্রথিতযশা আইনজীবী ও সংসদীয় গণতন্ত্রের অন্যতম অভিভাবকের বিদায়ে রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ এবং সংসদীয় পরিমণ্ডলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘ কর্মজীবন, রাজনৈতিক প্রজ্ঞা এবং সংসদ পরিচালনায় দক্ষতা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শনিবার (১২ জুলাই) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বন্যার ভয়াবহতা আরও তীব্র: মৃত বেড়ে ৫১
ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
আইএমএফের শর্ত পূরণে বাড়ছে ডলারের দাম
ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করলো ভারত
হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ইরান যুদ্ধের চাপে টান মার্কিন অস্ত্রভান্ডারে
ইউএস-বাংলায় বড় বিনিয়োগ, যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং
সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার
টানা বৃষ্টিতে পানির নিচে ঢাকা
কটিয়াদীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
আলমারিতে বিষাক্ত সাপ: কামড়ে প্রাণ গেলো গৃহবধূর
চট্টগ্রাম বোর্ড ছাড়া নির্ধারিত সূচিতেই এইচএসসি পরীক্ষা
কুয়েত-বাহরাইন-জর্ডানেে ইরানের একযোগে হামলা
সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা
বন্যার ভয়াবহতা বাড়ছে, এইচএসসি পরীক্ষা স্থগিত