Sobar Desh | সবার দেশ পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৩৬, ১০ সেপ্টেম্বর ২০২৬

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পাইওনিয়ার বেইজে একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের ঘটনাস্থল বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে হওয়ায় প্রকল্পের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (তথ্য) ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ।

তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিএইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনও ব্যক্তি হতাহত হননি।

আগুনে অস্থায়ী ভবনটির দুটি কক্ষের অফিস আসবাবপত্র, নথিপত্র, তথ্যপ্রযুক্তি (আইটি) ও যোগাযোগ-সংক্রান্ত কিছু সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত নথিপত্রের প্রয়োজনীয় ব্যাকআপ কপি প্রকল্প কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকায় তথ্য সংরক্ষণ কিংবা প্রকল্পের কার্যক্রম পরিচালনায় কোনও ধরনের বিঘ্ন ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্থায়ী ভবনটির একটি স্প্লিট-টাইপ এসির ইনডোর ইউনিটে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এটিই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রকল্পের নির্ধারিত ফায়ার সেফটি প্রসিডিউর অনুসরণ করে একটি ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রমও অব্যাহত রয়েছে।

প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ইতোমধ্যে অগ্নিকাণ্ডের বিষয়টি জানানো হয়েছে।

প্রকল্প কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগুনটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের বাইরে থাকা একটি অস্থায়ী ভবনের মধ্যেই সীমাবদ্ধ ছিলো। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম