Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৬

সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ

সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ
ছবি: সংগৃহীত

সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। ভালভের সমস্যা সমাধান না হওয়ায় কেন্দ্রটির পরবর্তী ধাপের পরীক্ষা শুরু করা সম্ভব হচ্ছে না। কবে নাগাদ ত্রুটি মেরামত হবে এবং কখন প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে—এ বিষয়ে এখনই কোনও নির্দিষ্ট সময়সীমা দিতে পারছে না সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামি। বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। তখন চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো। এরই মধ্যে বিভিন্ন ধাপের পরীক্ষা সম্পন্ন করে ‘বি’ স্টেজ শেষ হয়েছে। তবে দুটি সেফটি ভালভে সমস্যা দেখা দেয়ায় ‘সি’ স্টেজের পরীক্ষা শুরু করা যাচ্ছে না।

সমস্যা কবে নাগাদ সমাধান হবে—এমন প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, এ মুহূর্তে আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। তিনি জানান, ভালভ দুটি কেনো সঠিকভাবে কাজ করছে না, তা নির্ধারণে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসবে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পরই ত্রুটির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রকল্পের ডিজাইনারের মূল্যায়ন অনুযায়ী, ত্রুটিপূর্ণ ভালভ দুটি পুরোপুরি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে বলেও জানান মন্ত্রী। এ ক্ষেত্রে দুটি বিকল্প বিবেচনায় রয়েছে। প্রথমটি হলো, দ্বিতীয় ইউনিটের জন্য বরাদ্দ থাকা ভালভ এনে প্রথম ইউনিটে স্থাপন করা। দ্বিতীয়টি হলো, রুশ ভেন্ডরকে নতুন ভালভ তৈরি করে দ্রুত সরবরাহের অনুরোধ করা। যে বিকল্পটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে, সেটিই বেছে নেয়া হবে বলে জানান তিনি।

নতুন ভালভ আনতে বাড়তে পারে সময়

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রূপপুরের সেফটি ভালভ নিয়ে দেড় মাসেরও বেশি সময় ধরে বিভিন্নভাবে পরীক্ষা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভালভগুলো প্রয়োজনীয় মানে উত্তীর্ণ হতে পারেনি। ফলে একদিকে নতুন করে পরীক্ষা চালানোর উদ্যোগ রয়েছে, অন্যদিকে বিকল্প ব্যবস্থাও খোঁজা হচ্ছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ ধরনের অত্যাধুনিক সেফটি ভালভ মূলত ইউক্রেন, তুরস্ক ও জার্মানিতে তৈরি হয়। রূপপুর প্রকল্পের জন্য শুরুতে ইউক্রেনে ভালভ তৈরির কার্যাদেশ দেয়া হয়েছিলো। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। পরে তুরস্ক থেকে ভালভ সংগ্রহ করা হয়।

তবে ত্রুটিপূর্ণ ভালভ পরিবর্তন করে নতুন করে তৈরি ও সরবরাহ করতে হলে প্রকল্পের সময়সূচি আরও পিছিয়ে যেতে পারে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বিশেষায়িত যন্ত্র তৈরি ও সরবরাহে সাধারণত ছয় থেকে আট মাস সময় লাগে। কোনও কোনও ক্ষেত্রে এর চেয়েও বেশি সময় প্রয়োজন হতে পারে।

রিয়্যাক্টরের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভালভ

সেফটি ভালভ রিয়্যাক্টরের নিরাপত্তাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। কুলিং ব্যবস্থায় অস্বাভাবিকভাবে চাপ বেড়ে গেলে ভালভটি খুলে অতিরিক্ত চাপ বের করে দেয়। এর মাধ্যমে যন্ত্রপাতি ও পাইপলাইনে অতিরিক্ত চাপজনিত ক্ষতির ঝুঁকি কমানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভালভের ত্রুটি সমাধান করলেই সঙ্গে সঙ্গে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেয়া সম্ভব হবে না। সেফটি ভালভ কার্যকর হওয়ার পরও আরও কয়েক ধাপের পরীক্ষা সম্পন্ন করতে হবে। এরপর রিঅ্যাক্টরে ফিশন বিক্রিয়া শুরু হবে। পরীক্ষামূলক উৎপাদন এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে আরও অন্তত আট থেকে ১০ সপ্তাহ সময় লাগতে পারে।

কেন্দ্রটি চালু হওয়ার পরও কয়েক মাস পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন এবং বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ বছর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা কম

পরমাণু শক্তি কমিশনের দুই কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রূপপুরের প্রথম ইউনিটের বর্তমান অগ্রগতি বিবেচনায় চলতি বছরেই এখান থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা নেই।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ যুক্ত হবে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট হলেও জ্বালানি সংকটের কারণে চাহিদা অনুযায়ী উৎপাদন করা যাচ্ছে না। ফলে গড়ে আড়াই থেকে তিন হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে।

সংশ্লিষ্টদের আশা, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে বিদ্যুৎ সংকট অনেকটাই কমে আসবে। একই সঙ্গে তরল জ্বালানি ও গ্যাসের ওপর চাপ কমার পাশাপাশি জ্বালানি আমদানিতে সরকারের ব্যয়ও কমবে।

বছরের পর বছর পিছিয়েছে সময়সূচি

মূল সময়সূচি অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২২ সালের ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিট ২০২৩ সালের অক্টোবরে চালু হওয়ার কথা ছিলো। তবে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে প্রকল্পটির কাজ ও সরঞ্জাম সরবরাহে জটিলতা তৈরি হওয়ায় কয়েক দফা সময়সূচি পিছিয়ে যায়।

চলতি বছর প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নেয়া হয়েছিলো। কিন্তু এবার সেফটি ভালভের ত্রুটি নতুন করে সে লক্ষ্যকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ
মন্ত্রী বললেন—‘হারপিক নিয়ে আসেন, আমি পরিষ্কার করে দিই’
‘বেনজীর কোথায়?’—অবস্থান জানতে ইন্টারপোলে আবারও চিঠি
গুমের বিরুদ্ধে আইন, নাকি আস্থার বিরুদ্ধে আপস?
মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো সংসদ
১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭ শতাংশ
৫ মাস পর সংসদে মির্জা আব্বাস
এনআইডি নয়, জন্মেই ‘এক-আইডি’
উল্টো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা
বন্যায় বন্ধ নেপালের বিদ্যুৎ রফতানি, সংকটে বাংলাদেশ
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন: আসিফ মাহমুদ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত