পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
পর্দায় একসময় দুর্নীতিবাজ ও অন্যায়কারীদের বিরুদ্ধে গর্জে ওঠা ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে ঝড় তুলেছিলেন মিঠুন চক্রবর্তী। সে চরিত্র আজও দর্শকের মনে বেশ জনপ্রিয়। এবার যেন সিনেমার গল্পের সঙ্গেই মিলে গেল বাস্তবতা। পর্দার মন্ত্রীর পর এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন ভারতের জনপ্রিয় এ অভিনেতা।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর সমমর্যাদার। ফলে সিনেমার ‘ফাটাকেষ্ট’র সঙ্গে বাস্তবের মিঠুনের নতুন দায়িত্বের মিল নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মিঠুনকে নতুন দায়িত্ব দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে ইঙ্গিতের কয়েক দিনের মধ্যেই বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে মিঠুনের নিয়োগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে উপদেষ্টা হিসেবে তার নির্দিষ্ট দায়িত্ব ও কাজের পরিধি কী হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
মিঠুনের নতুন দায়িত্বের সঙ্গে তার জনপ্রিয় সিনেমা ‘মিনিস্টার ফাটাকেষ্ট’র প্রসঙ্গ আসাটাই যেন স্বাভাবিক। ২০০৭ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় একজন প্রতিবাদী মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার সংলাপ ও লড়াই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলো। দুই বাংলার দর্শকের কাছেও চরিত্রটি পেয়েছিলো আলাদা জনপ্রিয়তা।
এবার সে পর্দার মন্ত্রীর চরিত্রের অনেক বছর পর বাস্তবেই মন্ত্রীর সমমর্যাদার দায়িত্ব পেলেন মিঠুন। ফলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদন অঙ্গনেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনেই রয়েছে। নতুন দায়িত্বে মিঠুন ঠিক কোন কোন বিষয়ে পরামর্শ দেবেন কিংবা দফতরের নীতিনির্ধারণে তার ভূমিকা কতটা থাকবে, সেটিই এখন দেখার বিষয়।
এরই মধ্যে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে মিঠুনকে উপস্থিত থাকতে দেখা গেছে। চলচ্চিত্র অঙ্গনের সঙ্গেও তার যোগাযোগ বেশ সক্রিয়। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্বও পালন করবেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও মিঠুনের দীর্ঘ পথচলা রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। তারও আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এই অভিনেতা। যদিও মেয়াদ শেষ হওয়ার আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর গত কয়েক বছরে বিজেপির বিভিন্ন কর্মসূচি ও প্রচারে সক্রিয়ভাবে দেখা গেছে তাকে।
সব মিলিয়ে মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ারে যোগ হলো নতুন এক অধ্যায়। একসময় পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ হয়ে দর্শকদের বিনোদন দেয়া সে অভিনেতাই এবার বাস্তবে পেলেন মন্ত্রীর সমমর্যাদার দায়িত্ব। তাই রসিকতার ছলে অনেকেই বলছেন—ফাটাকেষ্ট এবার শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তবের মঞ্চেও!
সবার দেশ/কেএম




























