বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে কোনও ধরনের বৈরিতা বা শত্রুতা বাংলাদেশের প্রত্যাশা নয়। তবে বন্ধুত্ব ও সুসম্পর্কের কথা বললে বাংলাদেশের স্বার্থ ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।
বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের অনেকগুলো অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এসব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার কথা থাকলেও গত ৫০ বছরেও তা নিশ্চিত হয়নি। ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে গঙ্গার পানির প্রবাহ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ভারতের সঙ্গে কোনও ধরনের বৈরিতা বা শত্রুতা আমাদের প্রত্যাশা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে কি না। আন্তর্জাতিক নদী আইন অনুসারেও অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্যা বাংলাদেশ গত ৫০ বছরেও পায়নি। ফারাক্কা ব্যারাজ বাংলাদেশের জনগণকে শোষণ করার একটি হাতিয়ার।
নাহিদ ইসলাম বলেন, চলতি বছরের ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আবরার ফাহাদ যে জাতীয় স্বার্থের কথা বলেছিলেন, তা বাস্তবায়নের এখনই সময়। ৫ আগস্টের পর ভারত বারবার বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক এবং বাংলাদেশকে ভালো প্রতিবেশী হিসেবে দেখতে চাওয়ার কথা বলেছে। নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তির মধ্য দিয়ে ভারতকে সে অবস্থানের প্রমাণ দিতে হবে।
তিনি আরও বলেন, শুধু পুরোনো চুক্তি নবায়ন করলেই হবে না; বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন করে গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করতে হবে।
আবরার ফাহাদকে জাতীয় মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় স্বার্থের পক্ষে এবং বাংলাদেশ যেন নদীর পানির ন্যায্য হিস্যা পায়, সে বিষয়ে আবরার লেখালেখি করেছিলেন। তার ভাষায়,
আমরা যে দাস নই, এটা আবরার ফাহাদ দেখিয়েছিলেন।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, আওয়ামী লীগ যে ভারতের এক্সটেনশন এবং ভারতের কারণে ক্ষমতায় ছিলো, তা আবরার হত্যার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছিল। তিনি দাবি করেন,
আবরার ফাহাদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ছাত্রলীগের বিরুদ্ধে কিছু লেখেননি; বরং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখেছিলেন। এ কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে মন্তব্য করেন তিনি।
আবরার ফাহাদ হত্যা মামলার রায় এখনো কার্যকর না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আবরারের আত্মত্যাগ ও জাতীয় স্বার্থের পক্ষে তার অবস্থানের প্রতি সম্মান জানাতে হলে হত্যার বিচার কার্যকর করার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
স্মরণসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ আবরার ফাহাদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























