ইরান ইস্যুতে ইউরোপের ধৈর্যচ্যুতি, কোণঠাসা যুক্তরাষ্ট্র
ইরান ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটে ফাটল স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ইউরোপীয় মিত্রদের মধ্যে ধৈর্য ও কূটনৈতিক সমর্থন কমে আসায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।
দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের বিশ্লেষক মোহাম্মদ এলমাসরি বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষই সময়কে নিজেদের অনুকূলে রাখতে পারছে না। তার মতে, ইউরোপীয় দেশগুলো এখন ক্রমেই ধৈর্য হারাচ্ছে।
তিনি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ-এর সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ইউরোপীয় নেতৃত্বের ভাষ্য থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
মার্জের বক্তব্য—ইরানিরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে—এ মন্তব্যকে ইঙ্গিত করে এলমাসরি বলেন, এতে বোঝা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদের ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন। তার মতে, ইউরোপীয় মিত্রদের একটি অংশ মনে করছে, বর্তমান সংকটের দায় যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তের সঙ্গেও যুক্ত, কিন্তু সমাধান স্পষ্ট নয়।
এলমাসরি আরও বলেন, এমন কূটনৈতিক বক্তব্যগুলো শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপই বাড়াচ্ছে না, বরং পশ্চিমা জোটের মধ্যকার ঐক্যেও প্রশ্ন তুলছে।
আল জাজিরা সূত্রের বরাতে বলা হয়, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর কূটনৈতিক বিচ্ছিন্নতার চাপ বাড়ছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ও দুর্বল হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু সামরিক নয়, কূটনৈতিক মেরুকরণও আরও গভীর হতে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি ও নিরাপত্তা ব্যবস্থায় পড়বে।
সবার দেশ/কেএম




























