যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ: ইরান
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের একক আধিপত্য দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইরানের ওপর চাপিয়ে দেয়া মার্কিন-ইসরাইলি যুদ্ধ বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে এবং এর ফলে ওয়াশিংটনের একক প্রভাবের ভিত্তি নড়ে গেছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি-এর বরাতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এ মন্তব্য করেছেন।
রেজা তালাই-নিক বলেন, ইরানের ওপর চাপিয়ে দেয়া এ তৃতীয় যুদ্ধের মাধ্যমে আমেরিকার বৈশ্বিক আধিপত্যের ভিত্তি ধসে পড়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার যুগ শেষের দিকে এবং বিশ্ব এখন বহুমুখী শক্তিকেন্দ্রিক নতুন ব্যবস্থার দিকে এগোচ্ছে।
ইরানি এ মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারির তথাকথিত ‘রমজান যুদ্ধ’ এবং ওই যুদ্ধে ইরানি জনগণের প্রতিরোধই বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের অন্যতম কারণ। তিনি বলেন, এ প্রতিরোধ বিশ্বকে একক আধিপত্যের বাইরে নতুন শক্তি বিন্যাসের দিকে নিয়ে যাচ্ছে।
একই সঙ্গে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে। রেজা তালাই-নিক বলেন, যেকোনও ধরনের হুমকি বা বহিরাগত আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর ও জোরালো প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাস এবং আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এ ধরনের বক্তব্য নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত বহন করছে।
সূত্র: আল-জাজিরা।
সবার দেশ/কেএম




























