Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:০০, ১৮ মে ২০২৬

রণক্ষেত্রে পরিণত ক্যাম্পাস

নতুন ভিসির যোগদান ঘিরে ডুয়েটে সংঘর্ষ

নতুন ভিসির যোগদান ঘিরে ডুয়েটে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য, শিক্ষার্থী ও পথচারী রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ ইকবাল-কে নিয়োগ দেয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনে নামে। রোববার সকাল থেকে তারা ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করে এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

অন্যদিকে নবনিযুক্ত ভিসির যোগদান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হন ডুয়েট শাখা ছাত্রদল ও তাদের সমর্থকরা। সকাল সাড়ে ১০টার দিকে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল একটি মাইক্রোবাসে করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিসির সঙ্গে থাকা সমর্থকরা ফটক খুলে ভেতরে ঢোকার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা গেটের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে এবং কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, নবনিযুক্ত উপাচার্যের পক্ষে বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকানোর চেষ্টা করা হয়। এ সময় হামলা ও ইটপাটকেল নিক্ষেপে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন। তারা আরও দাবি করেন, ক্যাম্পাসের ভেতর থেকে কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার প্রশাসনিক ও একাডেমিক বাস্তবতা আলাদা। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেয়া উচিত।

তবে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুকুর সংঘর্ষে তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ডুয়েটে ছাত্রদলের আলাদা ইউনিট রয়েছে। মহানগর ছাত্রদলের এ ঘটনার সঙ্গে কোনও সম্পৃক্ততা নেই।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দুপুরে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন, ডুয়েটের রেজিস্ট্রার ড. মো. আবু তৈয়ব, অতিরিক্ত জেলা প্রশাসক এম. রকিবুল হাসান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিলো। রোববার তা সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।

সকালে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করে ব্যারিকেড সৃষ্টি করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হালান্ড ঝড়ে বিধ্বস্ত ব্রাজিলের বিদায়
ইংল্যান্ডকে উড়িয়ে সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার
এক মোটরসাইকেলে তিন বন্ধু, শেষ হলো একসঙ্গেই
কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করলো ইরান
ইরানের জন্য প্রস্তুত রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান
অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ
সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
শাওন-মাহি-সোমাদের খুঁটির জোর কোথায়?
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও, ছাত্রদল নেতাকে শোকজ
নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত অন্তত ৮
বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেফতার