Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সমালোচনার ঝড়

ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি! 

ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি! 
ছবি: সংগৃহীত

সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য তৈরি একটি ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের পর পশ্চিমবঙ্গের এক নারী আইপিএস কর্মকর্তার বদলি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বুশরা বানু নামে ওই কর্মকর্তাকে দায়িত্ব নেয়ার প্রায় আড়াই মাসের মাথায় খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নির্দেশ অনুযায়ী, বুশরা বানুকে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থ’-এর কথা উল্লেখ করা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তার বদলি নিয়ে প্রশ্ন উঠেছে।

ভিডিওটির শুরুতেই বুশরা দর্শকদের ‘আসসালামু আলাইকুম’ বলে সম্ভাষণ জানান। পরে তিনি নিজের আইপিএস হওয়ার যাত্রা, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল কোচিং একাডেমির সহায়তার কথা তুলে ধরেন। ভিডিওটি মূলত সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিলো বলে জানা গেছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বুশরা বানুর বক্তব্য নিয়ে কয়েকটি হিন্দু সংগঠন আপত্তি জানায়। এ নিয়ে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগও করা হয়। এর পরপরই তাকে অন্য পদে বদলি করা হওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারি আদেশে তার বদলির সঙ্গে ওই ভিডিও বা অভিযোগের কোনও সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।

উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা বুশরা বানু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। কয়েক বছর উপসাগরীয় এলাকায় চাকরি করার পর তিনি সিভিল সার্ভিসে যোগ দেয়ার প্রস্তুতি নেন। ২০২১ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন তিনি।

তার বদলি নিয়ে বিরোধী দলের নেতারাও প্রশ্ন তুলেছেন। কংগ্রেসের সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি বিষয়টি বিবেচনার জন্য আইপিএস অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বুশরার পাশে দাঁড়ানোর পরিবর্তে রাজ্য সরকার পরদিনই তাকে বদলি করে দিয়েছে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, আপনারা কেমন ভারত গড়ে তুলছেন?

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুনাল ঘোষ বলেছেন, কোনও কর্মকর্তাকে বদলি করার সিদ্ধান্ত নেয়ার অধিকার সরকারের রয়েছে। তবে ব্যক্তিগত বিশ্বাস বা স্বাভাবিক আচরণের কারণে কাউকে শাস্তি দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকে উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা অনুজ চৌধুরীর প্রসঙ্গও তুলেছেন। তাদের দাবি, ধর্মীয় পরিচয় প্রকাশ বা ধর্মীয় সম্ভাষণ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন কর্মকর্তার জন্য ভিন্ন ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক আরও ছড়িয়ে পড়েছে।

বুশরা বানুর বদলির সরকারি কারণ হিসেবে ‘জনস্বার্থ’-এর কথা উল্লেখ করা হলেও, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং তার বক্তব্য নিয়ে করা অভিযোগের সঙ্গে বদলির কোনও প্রত্যক্ষ যোগসূত্র সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। ফলে বদলির প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন ও বিতর্ক অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা