চুপ্পুর স্বাস্থ্যের খোঁজ নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
শুক্রবার (২৪ জুলাই) রাতে বঙ্গভবনে ফোন করে মো. সাহাবুদ্দিনের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উভয়ে একে অপরের খোঁজখবর নেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করেন। জবাবে সাবেক রাষ্ট্রপতিও তার কল্যাণ কামনা করেন।
বঙ্গভবনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, সন্ধ্যার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফোন করেন। ফোনালাপে সৌজন্য বিনিময়ের পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
এর আগে শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে স্বাক্ষরের পর তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তার পক্ষে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের কাছে পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব।
এরপর সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সবার দেশ/কেএম




























