Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৮, ২৪ জুলাই ২০২৬

আপডেট: ০১:৫৯, ২৪ জুলাই ২০২৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ সদস্য

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক চার বছর পর আদালতের রায়ে চাকরি ফিরে পেয়েছেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল তাকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কনস্টেবল নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল গণমাধ্যমকে জানান, চাকরিচ্যুতির আদেশের বিরুদ্ধে করা মামলায় আদালত তার মক্কেলের পক্ষে রায় দিয়েছেন এবং তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

আদালতের আদেশ অনুযায়ী, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নাজমুল তারেককে পুনরায় পুলিশ বাহিনীতে দায়িত্ব দেয়ার পথ সুগম হলো।

আলোচিত ঘটনাটি ঘটে ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায়। সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন কনস্টেবল মো. নাজমুল তারেক।

ঘটনার পর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দার অভিযোগ করেন, কপালে টিপ পরা নিয়ে নাজমুল তারেক তাকে কটূক্তি ও হেনস্তা করেছেন। অভিযোগটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিষয়টি দেশজুড়ে ‘টিপকাণ্ড’ নামে পরিচিতি পায়।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন নাজমুল তারেক। তার দাবি ছিলো, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত শিক্ষিকার পায়ে স্পর্শ লাগে। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়, কিন্তু টিপ পরা নিয়ে তিনি কোনও ধরনের মন্তব্য বা হেনস্তা করেননি।

ঘটনার পর পুলিশ প্রশাসন তদন্ত শুরু করে। তদন্ত শেষে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নাজমুল তারেককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

চাকরিচ্যুতির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের নভেম্বরে তিনি ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তার পক্ষে রায় দিয়ে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

আদালতের এ রায়ের মাধ্যমে প্রায় চার বছর পর পুলিশ বাহিনীতে ফিরে আসার সুযোগ পেলেন আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত এ পুলিশ সদস্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন