ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নির্ধারিত ফ্লাইট স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট দুটি চলাচল করবে না বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত BG339 ও BG340 ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে রিয়াদগামী যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের এ পরিস্থিতিতে ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রী ও তাদের পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফ্লাইট স্থগিতের কারণে সমস্যায় পড়া যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া প্রয়োজনে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্র থেকেও প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নেয়া যাবে।
ফ্লাইটের সর্বশেষ অবস্থা, সময়সূচির পরিবর্তন এবং পরবর্তী নির্দেশনা বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে বিমানের কাছ থেকে সর্বশেষ নির্দেশনা জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সবার দেশ/কেএম




























