Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন

রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন
ফাইল ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট না দেয়ার কারণ ব্যাখ্যা করে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনটি তার কাছে অর্থহীন ও প্রহসনের মনে হয়েছে। তার ভাষায়, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না।

রুমিন ফারহানা বলেন, 

এ নির্বাচন অর্থহীন এবং প্রহসনের। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এ ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাই এটা মনোনয়ন, নির্বাচন নয়।

রাষ্ট্রপতি পদে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন না দেয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। রুমিন বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে জাতির আত্মত্যাগ ও অনেক স্বপ্ন জড়িয়ে রয়েছে। সে প্রেক্ষাপটে সবাই মিলে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা যেত বলে তিনি মনে করেন।

তিনি বলেন, এত বড় একটি গণ-অভ্যুত্থান গেলো যার সঙ্গে জাতি হিসেবে আমাদের আত্মত্যাগ, অনেক স্বপ্ন জড়িত। তাহলে আমরা সবাই মিলে কেন একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে পারলাম না।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির অবস্থানেরও সমালোচনা করেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপি একদিকে ২০১৬ সাল থেকে ভিশন ২০৩০ নিয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে মতপ্রকাশ ও রাজনৈতিক সংস্কারের কথা বলেছে, অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলের প্রার্থীর বাইরে ভোট দিলে সংসদ সদস্যপদ হারানোর বিষয়টি সামনে আনা হয়েছে।

রুমিন ফারহানার ভাষ্য, 

রাষ্ট্রপতি পদে ভোটের আগে বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভয় দেখালো। অথচ ২০১৬ সাল থেকে দলটি ভিশন ২০৩০-এ গলার রগ ফুলিয়ে কথা বলছে। এখন তারা বলছে, দলের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে। এ রকম প্রহসনের ভোট কেনো আমি দেবো।

রুমিন ফারহানা ছাড়াও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি আরও পাঁচ সংসদ সদস্য। তারা হলেন—বিদেশে চিকিৎসাধীন বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা, বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক, খেলাফত মজলিসের আবুল হাসান এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় নিশ্চিত হওয়ার পর নির্বাচন কমিশন তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
কোনও ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেয়া হবে না: দুদক চেয়ারম্যান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
চাঁদা না পেয়ে ঢামেক চিকিৎসকের ওপর হামলা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান: পিটিআই নেতা
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের
এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর