জাতীয় স্বার্থে ‘বিশ্বাস ও অঙ্গীকার অভিন্ন’
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর বিকেল ৫টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান তিনি।
অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুলের সঙ্গে একসঙ্গে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে অলি আহমদ বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তাদের বিশ্বাস ও অঙ্গীকার অভিন্ন।
তিনি বলেন,
দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমরা উভয়ে একসঙ্গে দায়িত্ব পালন করেছি। সুতরাং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখার স্বার্থে আমাদের বিশ্বাস ও অঙ্গীকার অভিন্ন।
রাষ্ট্রপতি নির্বাচনে নিজের প্রার্থিতা এবং এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন অলি আহমদ। তার মতে, ১৯৭১ সালের পর দীর্ঘ সময় বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কার্যত প্রতিদ্বন্দ্বিতাহীন ছিলো। ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ পদে বিকল্প নেতৃত্ব, অভিজ্ঞতা ও ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনার সুযোগ সীমিত ছিলো।
অলি আহমদ বলেন, বাংলাদেশে ১৯৭১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতাহীন থেকেছে। ফলে দেশের গুরুত্বপূর্ণ এ পদে বিকল্প নেতৃত্ব, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি জাতীয় সংসদ ও জনগণের সামনে বিবেচিত হওয়ার সুযোগ ছিলো না। ৩৫ বছর পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অন্তত সে সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসেছে।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতান্ত্রিক মূল্যবোধ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সমর্থনে প্রার্থী হন কর্নেল (অব.) অলি আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ছয়জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন।
ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক চর্চার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অলি আহমদ।
সবার দেশ/কেএম




























