Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ১১ অক্টোবর ২০২৬

ভারতের জেন-জি আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

ভারতের জেন-জি আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি
ছবি: সংগৃহীত

ভারতে নির্বাচনী জবাবদিহি নিশ্চিত করা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশটিতে বিক্ষোভকারী, আন্দোলনের সংগঠক ও সাংবাদিকদের আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা এবং অধিকার চর্চার কারণে আটক ব্যক্তিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের তরুণ ও গণতন্ত্রপন্থী শক্তিগুলোর প্রতি সংহতি জানান নাহিদ ইসলাম। বিবৃতিতে তিনি বলেন, নয়াদিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারী, সংগঠক ও সাংবাদিকদের আটক, ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা এবং যন্তর মন্তরে বিধিনিষেধ আরোপ মৌলিক স্বাধীনতার জন্য সরাসরি হুমকি। নির্বাচনের স্বচ্ছতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে ওঠা প্রশ্নের জবাব বাধা কিংবা সেন্সরশিপের মাধ্যমে নয়, বরং স্বচ্ছতা ও জবাবদিহির মধ্য দিয়ে দিতে হবে।

বাংলাদেশের ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, দক্ষিণ এশিয়ার তরুণদের সংগ্রাম পরস্পরের সঙ্গে সম্পর্কিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী সময়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণ-অভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলন দমনে প্রাণঘাতী বলপ্রয়োগের ঘটনাও ঘটে। জাতিসংঘের হিসাবে, ওই আন্দোলন ও তা দমনের ঘটনায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

বিবৃতিতে বাংলাদেশের আন্দোলনের সময় ভারতীয় শিক্ষার্থী, লেখক ও স্বাধীন মতপ্রকাশকারীদের সংহতির কথাও স্মরণ করেন নাহিদ ইসলাম। তার মতে, এক দেশের তরুণদের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম অন্য দেশের তরুণদেরও অনুপ্রাণিত করতে পারে।

ভারতের গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্য তুলে ধরে তিনি দিল্লির শাহিনবাগে নারীদের আন্দোলন এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের কথা উল্লেখ করেন। এসব আন্দোলনকে গণতান্ত্রিক প্রতিরোধের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও নারীরা সামনের সারিতে ছিলেন। তাদের সাহস ও আত্মত্যাগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নাহিদ ইসলাম বলেন, হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ, ফ্যাসিবাদ কিংবা ধর্মীয় আধিপত্যবাদ দিয়ে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত নয়। বাংলাদেশ ও ভারত—উভয় দেশেই কর্তৃত্ববাদ, সাম্প্রদায়িক বিদ্বেষ ও রাজনৈতিক অসহিষ্ণুতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ধর্ম, জাতপাত, লিঙ্গ ও শ্রেণিনির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে এ অঞ্চলের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, সংখ্যালঘুরা ভয়ের মধ্যে থাকলে, ভিন্নমত প্রকাশ অপরাধ হিসেবে বিবেচিত হলে এবং নাগরিকদের পরিচয়ের ভিত্তিতে অধিকার নির্ধারিত হলে কোনও সমাজকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক বলা যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠায় মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

ভারতীয় কর্তৃপক্ষের প্রতি কয়েকটি সুনির্দিষ্ট আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। এর মধ্যে রয়েছে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা, আটক আন্দোলন-সংগঠকদের অবস্থান ও আটকের আইনি ভিত্তি প্রকাশ করা এবং অধিকার চর্চার কারণে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেয়া। পাশাপাশি সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও তাদের সরঞ্জাম জব্দ না করে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে দীর্ঘদিন ধরে কারাবন্দী শরজিল ইমাম ও উমর খালিদের প্রসঙ্গও তুলে ধরেন নাহিদ ইসলাম। বিচার ছাড়াই বছরের পর বছর তাদের আটক রাখার বিষয়টি উল্লেখ করে তিনি তাদেরসহ ভারতের তরুণ বিক্ষোভকারী ও বিবেকের বন্দীদের সহযোদ্ধা হিসেবে অভিহিত করেন। তাঁদের সাহস দক্ষিণ এশিয়ার তরুণদের অনুপ্রাণিত করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমীমাংসিত সীমান্ত হত্যা, পানিবণ্টন, পরিবেশ সুরক্ষা এবং জাতীয় সার্বভৌমত্বের বিষয়গুলোও দুই দেশের জনগণের সংগ্রামের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমতা, সরকারগুলোর জবাবদিহি এবং পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

বিবৃতির শেষাংশে ভারতের গণতন্ত্রপন্থী জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ফ্যাসিবাদ ও বিভাজনের হাতে ছেড়ে দেয়া যাবে না। এ অঞ্চলের তরুণদের ঐক্যবদ্ধ থাকা, পরস্পরের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক বিদ্বেষ প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি।

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগামের মধ্য দিয়ে বিবৃতিটি শেষ করেন এনসিপির আহ্বায়ক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেহা বোরাকে মুক্তি দিলো দিল্লি পুলিশ
নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ১৫
ভারতের জেন-জি আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
মুক্তি পেলেন মমতা ও কেজরিওয়াল
আলম আরা মিনুর কণ্ঠে ‘কৃষ্ণ কালা’
বেনাপোলে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৯
নাগরিক সেবার বেহাল, নগর পিতা ঘুমান!
দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ