Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫০, ২১ নভেম্বর ২০২৬

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, শুরুতে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক সময়ে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এ অবস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে সর্বশক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি।

এ লক্ষ্যে পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। এ সময় দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের নেতারাও অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

এনসিপির ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের রায় বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবেই একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে আসছে। কিন্তু বর্তমানে দলটির কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে এবং পুরো বিচারপ্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার পাশাপাশি দলটির রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে এনসিপি সংসদে যেমন সোচ্চার থাকবে, তেমনি রাজপথেও আন্দোলন চালিয়ে যাবে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে রাজনৈতিক ঐক্যের কথা বলেছেন। তবে সে ঐক্য কোন ভিত্তিতে এবং কোন লক্ষ্যকে সামনে রেখে গড়ে উঠবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়ার ক্ষেত্রে দেশের যেকোনও রাজনৈতিক দল, গোষ্ঠী কিংবা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে এনসিপি।

এদিকে দলের রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ এবং হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েক দিনের মধ্যে বাসচালকসহ পাঁচ থেকে ছয়জন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার থাকবে এনসিপি।

জরুরি এ বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন। এ ছাড়া দলের জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, ঘোষিত কর্মসূচি শুধু কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না। জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদেরও মাঠে সক্রিয় করা হবে। ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে পাঁচ দফা দাবি সামনে রেখে দেশব্যাপী রাজনৈতিক চাপ তৈরির পরিকল্পনা রয়েছে দলটির।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল