রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত
পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি
পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করবে দলটি। আওয়ামী লীগের বিচার, পলাতক হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল-পিসি) জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও শীর্ষ নেতারা অংশ নেবেন।
দাবিগুলো তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনতে হবে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে হবে, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবেই একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে দলটির বিচারের দাবি জানিয়ে আসছে। কিন্তু দেখা যাচ্ছে, দলটির কতিপয় ব্যক্তির বিচার হলেও পুরো সংগঠনের বিচারের প্রক্রিয়া ধীরগতিতে চলছে।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন। তবে এ ঐক্য কোন ভিত্তিতে গড়ে উঠবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়া দেশের যেকোনও রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে এনসিপি ঐক্যবদ্ধ হতে আগ্রহী।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, সেখানে থানায় হামলা, অস্ত্র লুট এবং দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এনসিপির এ নেতা আরও অভিযোগ করেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসংযোগের জন্যও আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে রাজনৈতিক পর্ষদের বৈঠকে যুক্ত হন। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপিও বৈঠকে অংশ নেন।
সবার দেশ/কেএম




























