পান্নুন হত্যা ষড়যন্ত্র মামলা
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠাতে দিল্লির তিনটি জেলা আদালতের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে গত ১৩ নভেম্বর নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, অজিত দোভালের কাছে সমন পৌঁছানোর জন্য দিল্লির পাতিয়ালা হাউস আদালতের সহযোগিতা চাওয়া হয়েছে। অন্যদিকে, সাবেক গোয়েন্দাপ্রধান সামন্ত গোয়েলের ক্ষেত্রে দ্বারকা ও তিস হাজারি আদালতের সহায়তা চাওয়া হয়েছে।
এর আগে কূটনৈতিক চ্যানেল এবং ভারতের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে সমন পাঠানোর চেষ্টা করা হয়েছিলো। তবে সে উদ্যোগ সফল না হওয়ায় এবার হেগ কনভেনশন ও ভারতের দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে বিকল্প আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের আদালত।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বসবাসরত খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুন ক্ষতিপূরণ দাবি করে এ দেওয়ানি মামলাটি করেন। তার অভিযোগ, তাকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ভারতের সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত ছিলেন। উল্লেখ্য, ভারতে পান্নুনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আদালতের নথিতে বলা হয়েছে, অজিত দোভাল যুক্তরাষ্ট্র সফরে গেলে তার কাছে সমন পৌঁছানোর চেষ্টা করা হয়েছিলো। তবে নিরাপত্তারক্ষীদের বাধার কারণে সে সময় সমন হস্তান্তর করা সম্ভব হয়নি।
এদিকে, পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগকে ‘মনগড়া ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
তবে এ মামলার আইনি প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে আদালত। পান্নুনের করা দেওয়ানি মামলাটি যুক্তরাষ্ট্রে চলমান ফৌজদারি মামলা থেকে সম্পূর্ণ আলাদা। এ মামলায় মার্কিন সরকার কোনও পক্ষ নয়।
সবার দেশ/কেএম




























