তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
আওয়ামী লীগ অতীতে জুলুম-নির্যাতনের জন্য অনুশোচনা না করে আবারও আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, এত জুলুম-নির্যাতন করার পরও যাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বা অপরাধবোধ নেই, এ সমাজে তাদের কোনও জায়গা হতে পারে না।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরের ঝিলমিল কমিউনিটি সেন্টারে এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টি আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, বিপদে পড়লে মানুষ তওবা করে। কিন্তু আওয়ামী লীগ জুলুম-নির্যাতনের জন্য অনুশোচনা না করে আবারও আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের বক্তব্য, আবার ক্ষমতায় এলে বিরোধীদের মারধর ও শাস্তি দেবে। এ ধরনের মনোভাব থেকেই তাদের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি বলেন, যারা অতীতে মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনাও দেখা যাচ্ছে না। বরং তারা আবারও আগের মতো দমন-পীড়নের হুমকি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ও মানসিকতাকে সমাজ মেনে নেবে না।
জুলাই সনদ প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ঘৃণা, হিংসা ও অত্যাচার থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যেই সবাই মিলে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিলো। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই সনদ বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। অথচ গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছিলেন।
তিনি জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন।
জেলা এবি পার্টির আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির মাধ্যমে জেলায় যুব সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা।
সবার দেশ/কেএম




























