হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
পলাতক হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর নিয়ে সংশয় আবু হানিফের; ‘দেশে ফেরার সাহস থাকলে কখনো পালাতেন না’।
ভারতে পলাতক হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ভিত্তিহীন দাবি করে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ প্রশ্ন তুলেছেন, আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারা গণমাধ্যমে দেখাতে পারেননি, তিনি আবার দেশে ফিরবেন? মানুষের মনে বড় প্রশ্ন, আদৌ কি তিনি বেঁচে আছেন?
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে শেখ হাসিনার দেশে ফেরার খবর নিয়ে এমন সংশয় প্রকাশ করেন আবু হানিফ। তিনি দাবি করেন, দেশে ফেরার মতো সাহস থাকলে শেখ হাসিনা কখনো দেশ ছেড়ে পালাতেন না।
আবু হানিফের অভিযোগ, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার সীমান্ত দিয়ে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব প্রতিবেদনে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা সীমান্তবর্তী এলাকায় দেশে ফেরার পথ খুঁজতে গিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়। তবে ওই সংবাদগুলোর পক্ষে সুনির্দিষ্ট সূত্র কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি প্রকাশ করা হয়নি বলে দাবি করেন তিনি।
‘সংবাদগুলোর কোনো ভিত্তি নেই’
সোশ্যাল মিডিয়ার পোস্টে আবু হানিফ বলেন, গত দুদিন আগে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো সীমান্ত দিয়ে পলাতক খুনি হাসিনা দেশে ফিরবেন, তাই নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা নাকি রাস্তা খুঁজতে সীমান্তবর্তী এলাকায় আসছিলো। যদিও সে সব সংবাদে সঠিক কোনও সোর্স উল্লেখ ছিলো না। এমনকি যারা সীমান্তে রাস্তা খুঁজতে আসছিলেন তাদের কোনো ছবিও গণমাধ্যম দেখাতে পারে নাই।
রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার খবর প্রকাশিত হওয়ার পরও এ বিষয়ে সংশয় প্রকাশ করেন গণঅধিকার পরিষদের এ মুখপাত্র। তার দাবি, আজকে আবার রয়টার্স সংবাদ প্রকাশ করেছে ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরতে চায় খুনি হাসিনা। সেটাও রয়টার্সকে জানিয়েছেন খুনি হাসিনার কথিত মুখপাত্র।
আবু হানিফ মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রকাশিত এসব খবরের যথেষ্ট ভিত্তি নেই। তিনি বলেন, আমি মনে করি এসব সংবাদের আসলে কোনো ভিত্তি নাই।
‘আদৌ কি তিনি বেঁচে আছেন?’
শেখ হাসিনার দীর্ঘদিন গণমাধ্যমে প্রকাশ্যে না আসার বিষয়টি উল্লেখ করে আবু হানিফ আরও বলেন,
একজন পলাতক খুনি আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারাটা গণমাধ্যমে দেখাতে পারে নাই, সে আবার দেশে ফিরবে? মানুষের মনে বড় প্রশ্ন আদৌ কি সে বেঁচে আছে?
তিনি আরও দাবি করেন,
শেখ হাসিনা বেঁচে থাকলেও দেশে ফেরার সম্ভাবনা নেই। তার ভাষায়, বাস্তবতা হলো যদি শেখ হাসিনা বেঁচে থাকে, তাহলেও সে দেশে ফিরবে না। কেনোনা দেশে ফেরার মত সাহস থাকলে সে কখনো পালাতেন না।
৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আবু হানিফ বলেন,
খুনি হাসিনা ভালো করে জানে দেশের জনগণের হাত থেকে ৫ আগস্ট সেনাবাহিনী রক্ষা করতে পারলেও জনগণ আরেক বার সুযোগ পেলে তাকে আর কেউ বাঁচাতে পারবে না।
১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, দাবি রয়টার্সের প্রতিবেদনে
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ চান তিনি।
রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিলো। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেছেন শেখ হাসিনা। তার এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাসপোর্টের আবেদন, রাষ্ট্রীয় বিমান চাওয়ার আহ্বান
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিলো। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে বাংলাদেশ সরকারের কোনও মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন নানা আলোচনা চলছে, তেমনি তার প্রত্যাবর্তনের বাস্তবতা, আইনি প্রক্রিয়া ও সরকারের অবস্থান নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। ১৬ ডিসেম্বর সামনে রেখে এ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
সবার দেশ/এমকেজে




























