Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ৯ জুলাই ২০২৬

নতুন করে কাউকে ‘শেখ হাসিনা’ হতে দেয়া হবে না: সারজিস 

নতুন করে কাউকে ‘শেখ হাসিনা’ হতে দেয়া হবে না: সারজিস 
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশে আর কোনও ব্যক্তি বা নেতাকে শেখ হাসিনার মতো একক কর্তৃত্বের অবস্থানে যেতে দেয়া হবে না। জনগণের ভোট, বিবেক এবং জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনও ব্যক্তি বা দলের প্রতি অন্ধ সমর্থন গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা আগামীর বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না। শেখ হাসিনার আমলে একটি রোগ তৈরি হয়েছিলো—সবাই খারাপ, কিন্তু শেখ হাসিনা ভালো। আমরা চাই না ভবিষ্যতে সে সংস্কৃতি ফিরে আসুক। কোনও দলের একজন শীর্ষ নেতা ভালো হলেই হবে না, তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডের দায়ও তাকে নিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগের নেতা-কর্মীরা যদি চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসায় জড়ায় কিংবা নিরীহ মানুষের ওপর জুলুম করে, তাহলে সে দায়ও আপনাকেই নিতে হবে। এ দায় এড়ানোর সুযোগ নেই।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে সারজিস বলেন, রাজনীতিতে ব্যক্তি বা প্রতীকের প্রতি অন্ধ আনুগত্য নয়, বরং সৎ ও যোগ্য নেতৃত্বকে বেছে নেয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। যারা চাঁদাবাজি, জমি দখল, লুটপাট কিংবা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত নয়, জনগণকে তাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আপনারা আপনাদের বিবেকবোধ কোনও রাজনৈতিক দলের কাছে বিক্রি করবেন না, কোনও প্রতীকের কাছে বন্ধক রাখবেন না। মনে রাখতে হবে, এ দেশের জনগণের ভোটই ঠিক করবে বাংলাদেশ কে পরিচালনা করবে। যদি আমরা অন্ধভাবে কোনও দল বা প্রতীকের অনুসারী হয়ে যাই, তাহলে প্রকৃত পরিবর্তন কখনোই সম্ভব হবে না।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশেও বক্তব্য রাখেন সারজিস আলম। তিনি বলেন, গত সরকারের সময়ে রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানকে অপব্যবহার করা হয়েছে। এখন এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব, মর্যাদা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার সময় এসেছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব প্রতিষ্ঠানকে নিজেদের কাজের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে। মনে রাখবেন, ক্ষমতায় থাকা প্রতিটি দলই আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু যদি আপনারা পেশাদারিত্ব ও বিবেকবোধ বিসর্জন দেন, তাহলে নিজের কাছেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান শাওন এবং সদস্যসচিব মাসুদুর রহমান।

সমাবেশে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে মেহেদী হাসানকে পরিচয় করিয়ে দেয়া হয়। পরে দলের নেতারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে পদযাত্রা শেষে বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি পথসভায় অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা