Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২৬

বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৭২ ঘণ্টায় প্রদেশটির বিভিন্ন জেলায় চালানো একাধিক অভিযানে অন্তত ৪৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বেলুচিস্তানের মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে পৃথকভাবে অভিযান চালানো হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ৪৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে ৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে কোয়েটার শাবান এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৬ জন, মাস্তুংয়ে ছয়জন এবং কালাতে দুজন নিহত হয়। এ ছাড়া সিবির ভাগ এলাকায় একটি থানায় হামলার চেষ্টা চালানোর সময় আরও দুজন নিহত হয়েছে।

এর আগে গত বুধবার কালাত জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক এক অভিযানে ১২ জন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার কথা জানিয়েছিলো আইএসপিআর। সব মিলিয়ে ৭২ ঘণ্টার অভিযানে নিহতের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানের সময় বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ধ্বংস করা হয়েছে। অভিযানের পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানের এলাকায় কোনও সন্ত্রাসী লুকিয়ে থাকলে তাদের খুঁজে বের করে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালানো হবে। বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরদার করার কথাও জানিয়েছে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। বিশেষ করে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, হামলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকারী গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে পাকিস্তানে সহিংসতায় নিহতদের প্রায় ৯৬ শতাংশই এ দুই প্রদেশের। নিহতদের মধ্যে ৬১ শতাংশের বেশি, অর্থাৎ ৪৭৫ জন খাইবার পাখতুনখোয়ায় এবং প্রায় ৩৪ শতাংশ, অর্থাৎ ২৬৫ জন বেলুচিস্তানে নিহত হয়েছেন।

সহিংসতার ঘটনার সংখ্যার দিক থেকেও এগিয়ে রয়েছে খাইবার পাখতুনখোয়া। সেখানে ১৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যা পাকিস্তানে সংঘটিত মোট ঘটনার প্রায় ৫৭ শতাংশ। অন্যদিকে বেলুচিস্তানে ঘটেছে ৯৪টি ঘটনা, যা মোট ঘটনার প্রায় ৩৫ শতাংশ।

পরিসংখ্যানগুলো পাকিস্তানের দুই প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার ব্যাপকতা ও সংঘাতের ঘনত্বের চিত্র তুলে ধরছে। এর মধ্যেই বেলুচিস্তানে গত ৭২ ঘণ্টায় ৪৮ জন নিহত হওয়ার খবর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ