সিংহাসনফেরত বিধ্বংসী ইনিংস খেললেন পোলার্ড
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক কে—এ নিয়ে কাইরন পোলার্ড ও জশ বাটলারের মধ্যে চলছে দারুণ এক লড়াই। কখনো বাটলার, কখনো পোলার্ড—বারবার বদলাচ্ছে টি-টোয়েন্টির রান-সিংহাসনের মালিক। এবার বিধ্বংসী এক ইনিংস খেলে আবারও শীর্ষস্থান দখল করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ড।
বুধবার (২৬ আগস্ট) ব্রায়ান লারা স্টেডিয়ামে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ২৬ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন পোলার্ড। ৬টি চার ও ৫টি ছক্কায় সাজানো ইনিংসটির স্ট্রাইকরেট ছিলো ২৫০। এ ইনিংসের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার মোট রান দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১।
পোলার্ডকে সিংহাসন ফিরে পেতে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি। এর আগে জশ বাটলারের চেয়ে ৩৫ রানে পিছিয়ে ছিলেন তিনি। নতুন ইনিংস শেষে এখন ইংলিশ ব্যাটারের চেয়ে ৩১ রানে এগিয়ে গেছেন পোলার্ড। বাটলারের মোট রান ১৪ হাজার ৮৯০।
তবে ব্যক্তিগত এ মাইলফলকের রাতটি দলীয় সাফল্যে রাঙাতে পারেননি পোলার্ড। সেন্ট লুসিয়া কিংসের দেয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ১৭৫ রানেই থেমে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ফলে ৩৬ রানের জয় পায় সেন্ট লুসিয়া।
পোলার্ডের ঝোড়ো ব্যাটিংয়ে ব্যবধান কিছুটা কমলেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিলো না। বিপরীতে সেন্ট লুসিয়ার জয়ের মূল নায়ক ছিলেন ওপেনার টিম সেইফার্ট। ৬১ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি।
এদিকে একই ম্যাচে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করেছেন পোলার্ডের সতীর্থ সুনিল নারাইন। জন ক্যাম্পবেলকে এলবিডব্লিউ করে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬৫০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন ক্যারিবীয় এ অফস্পিনার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬৫০ উইকেট নেওয়া নারাইন এখন দ্বিতীয় বোলার। তার সামনে রয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। ৭৩৬ উইকেট নিয়ে এ সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন রশিদ।
একই ম্যাচে পোলার্ডের রান-সিংহাসনে প্রত্যাবর্তন আর নারাইনের ৬৫০ উইকেট—দুই মাইলফলক ছুঁলেও দিনটি শেষ পর্যন্ত জয়হীনই কাটাতে হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে।
সবার দেশ/কেএম




























