সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহানের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কাকে ৮২ রানে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় জয়ের পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকেরা।
রাওয়ালপিন্ডিতে রোববার (১১ অক্টোবর) টসের পর প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২১৫ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। দলের বড় পুঁজি গড়ার পথে ব্যাট হাতে ঝড় তোলেন সাদাকাত ও অধিনায়ক ফারহান। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা।
সাদাকাত খেলেন ৫১ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস। ছয়টি চার ও সাতটি ছক্কায় সাজানো তার ইনিংসটি থামে সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতে। অন্যদিকে অধিনায়ক ফারহান ৩১ বলে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৭৩ রান। দুই ব্যাটারের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় পাকিস্তান।
ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ ফেলে শ্রীলঙ্কা নিজেদের বিপদ আরও বাড়ায়। ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। পাওয়ারপ্লের মধ্যেই ৩৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।
পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফেরার সুযোগ পায়নি সফরকারীরা। মোহাম্মদ ইমরান ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে বড় ধস নামান। সালমান মির্জার শিকার ২ উইকেট।
শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৩ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। দলের হয়ে মহীশ থিকশানা করেন সর্বোচ্চ ৩২ রান। চামিন্দু বিক্রমাসিংহের ব্যাট থেকে আসে ২৯ রান। তবে তাদের এ লড়াই বড় পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিলো না।
এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করেছে পাকিস্তান। এখন দুই দলের লক্ষ্য সিরিজের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার। আগামী ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সবার দেশ/কেএম




























