Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ১৯ নভেম্বর ২০২৬

জোহানেসবার্গ টেস্টে চাপে বাংলাদেশ

৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
ছবিঃ সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে হার এড়ানো কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। চতুর্থ দিনের খেলা শেষে এখনো ৫৭ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। হাতে আছে মাত্র পাঁচটি উইকেট। শেষ দিনে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামলে যতক্ষণ সম্ভব উইকেট ধরে রাখাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।

চতুর্থ দিনের খেলা বাংলাদেশ শুরু করেছিল ১৪ রানের লিড নিয়ে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তিনটি উইকেট। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যাট হাতে দারুণ লড়াই করে স্বাগতিকেরা। একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতকের সাহায্যে ৫৫৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে দ্বিতীয় ইনিংস শেষে তাদের লিড দাঁড়ায় ১৫৭ রানে।

জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। একশ রান পূর্ণ হওয়ার আগেই পাঁচ উইকেট হারায় দলটি। আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০০ রান। মুশফিকুর রহিম ৫ এবং লিটন দাস ১২ রান নিয়ে অপরাজিত আছেন।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল বেশ হতাশাজনক। মাত্র সাত বলের ব্যবধানে ফিরে যান দুই ব্যাটার। দলীয় ১১ রানে প্রথম ইনিংসে অর্ধশতক করা তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দেন মার্কো ইয়ানসেন। রায়ান রিকেলটনের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪ রান। এর আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার তাকে আউট ঘোষণা করেছিলেন। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান তানজিদ। কিন্তু পরের ওভারেই আর রক্ষা হয়নি তার।

তানজিদের বিদায়ের পর ক্রিজে আসেন মুমিনুল হক। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। প্রথম ইনিংসে কোনো রান না করা মুমিনুল এবার ৩ বল খেলে মাত্র ১ রান করেন। কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। মাত্র ১২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর মাহফিজুল ইসলাম রবিন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। প্রথম ইনিংসে ম্যাচের প্রথম বলেই আউট হওয়া এ ব্যাটার দ্বিতীয় ইনিংসে শুরুতে দুবার জীবন পান। পরে রাবাদাকে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের রানের খাতা খোলেন তিনি।

রবিনের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটিতে ৩১ রান যোগ হওয়ার পর বিদায় নিতে হয় শান্তকে। সিমন হারমারের বলে ব্যাটে লেগে আসা বল সহজেই ক্যাচ নেন এইডেন মারক্রাম। ১১ রান করে থামে বাংলাদেশের অধিনায়কের ইনিংস।

এরপর রবিন ও তাওহীদ হৃদয় মিলে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাদের ব্যাটে দলীয় সংগ্রহ ৫৮ রানে পৌঁছালে চা বিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতির পর বেশিক্ষণ টেকেনি এ জুটি। বিরতির পর চতুর্থ ওভারে হারমারের বলে বোল্ড হন রবিন। ৩২ রান করে ফেরেন তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া এ ব্যাটারের দ্বিতীয় ইনিংসের লড়াইও শেষ হয় হতাশায়।

রবিনের বিদায়ের পর তাওহীদ হৃদয়ও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ২৩ রান করে রাবাদার বলে রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ফলে ৫৮ রানের পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে দলটি আরও চাপে পড়ে যায়।

এর আগে তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৭৬ রান। তখনো বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল স্বাগতিকেরা। ওই দিন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন জানিয়েছিলেন, ১০০ রানের লিড পেলেই তারা সন্তুষ্ট থাকবেন। কিন্তু চতুর্থ দিনে ব্যাটারদের দারুণ পারফরম্যান্সে সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ দিনে শতরানের বেশি একটি ইনিংস এবং চল্লিশোর্ধ্ব রানের দুটি জুটি গড়ে বড় সংগ্রহ পায় স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ৫৫৭ রানে থামে তাদের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। তিনি একাই নেন চারটি উইকেট। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট পান।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল বেশ ভালো। তাওহীদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪০০ রানের সংগ্রহ পায় দলটি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বড় লিডের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দিয়েছে।

এখন ম্যাচের শেষ দিনে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। হাতে থাকা পাঁচটি উইকেট নিয়ে পুরো দিন টিকে থাকা সহজ হবে না। মুশফিক ও লিটনের ওপর অনেকটাই নির্ভর করছে দলের শেষ ভরসা। তাদের সঙ্গে পরের ব্যাটারদেরও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ বাঁচাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন
যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস