যাত্রার সময়সূচি প্রকাশ
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক পরিবহনে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে চলাচল শুরু করছে তিনটি জাহাজ। জাহাজগুলো হলো এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। তিনটি জাহাজে একসঙ্গে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে জাহাজ তিনটির চলাচলের অনুমোদনের তথ্য জানানো হয়।
জাহাজমালিকদের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজগুলো ছেড়ে যাবে। সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর অনুমোদনের পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজ চলাচলের এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় এবং এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে নুনিয়ারছড়া ঘাট ছাড়বে। অন্যদিকে এমভি টেকনাফের যাত্রা শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। জাহাজটির সেন্টমার্টিনে পৌঁছানোর সম্ভাব্য সময় বেলা সাড়ে ৩টা।
এদিকে গত ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাসের জন্য পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণ ও সেখানে রাত্রিযাপনের অনুমতি দিয়েছে সরকার। দ্বীপে যাতায়াতের ক্ষেত্রে ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
সবার দেশ/কেএম




























