আবারও হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভারতের হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন।
হাসপাতাল ও দলীয় সূত্র জানিয়েছে, ৭৯ বছর বয়সী এ বর্ষীয়ান নেত্রীর শারীরিক অবস্থা বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও এবার ঠিক কী ধরনের শারীরিক জটিলতার কারণে তাকে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে চলতি বছরের মার্চ মাসেও অসুস্থ হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। সে সময় তিনি জ্বর ও ‘সিস্টেমিক ইনফেকশন’-জনিত জটিলতায় ভুগছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ তাকে ভর্তি করার পর টানা সাত দিন চিকিৎসাধীন রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি বাড়ি ফেরেন। সে সময় হাসপাতালের চেয়ারম্যান ডা. অজয় স্বরূপ গণমাধ্যমকে জানিয়েছিলেন, অ্যান্টিবায়োটিক থেরাপিতে তিনি ইতিবাচক সাড়া দিয়েছিলেন।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘সিস্টেমিক ইনফেকশন’ এমন একটি অবস্থা, যেখানে ব্যাকটেরিয়া বা অন্য রোগজীবাণু রক্তপ্রবাহে প্রবেশ করে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের সংক্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এদিকে সোনিয়া গান্ধীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকরা তার দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বার্তা দিচ্ছেন।
হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে দ্রুতই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে। বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ টিম তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সূত্র: এনডিটিভি
সবার দেশ/কেএম




























