শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে আবারও বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ভানিজা সাত্তার। সোশ্যাল মিডিয়ায় বারবার ছড়িয়ে পড়া এ ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে মনগড়া তথ্য প্রচারের সমালোচনা করেছেন তিনি। খবর ডেইলি পাকিস্তানের।
‘কুচ আনকাহি’ নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া ভানিজা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে তিনি লেখেন, ওহ মাই গড! আবারও! তার এ মন্তব্যে শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়ায় বিরক্তির বিষয়টি স্পষ্ট হয়েছে।
ভানিজার আপত্তি শুধু বিয়ের গুঞ্জন নিয়ে নয়, তারকাদের নিয়ে চাঞ্চল্যকর ও ভিত্তিহীন দাবি ছড়িয়ে দেয়ার প্রবণতা নিয়েও। তার মতে, সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী মানুষের দৃষ্টি আকর্ষণ, দর্শকসংখ্যা বাড়ানো এবং নিজেদের প্রকাশনায় মানুষের সম্পৃক্ততা বাড়ানোর জন্য তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা ছড়ান। পরে সেসব দাবির সত্যতা যাচাই না করেই আলোচনা চলতে থাকে।
অভিনেত্রী মনে করেন, জনপরিসরে আলোচনার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অথচ সেসব বিষয়ে মনোযোগ না দিয়ে তারকাদের নিয়ে মনগড়া গল্প ছড়িয়ে দেয়ার প্রবণতা উদ্বেগজনক। এ ধরনের খবর প্রচারের আগে তথ্যের সত্যতা যাচাই করা উচিত বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।
শোয়েব মালিকের সঙ্গে ভানিজা সাত্তারের বিয়ের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এ বিষয়ে কথা বলতে হয়েছে অভিনেত্রীকে। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, শোয়েব মালিকের সঙ্গে তার কখনও সরাসরি দেখাই হয়নি। এমনকি তাদের দুজনকে ঘিরে বিয়ের গুঞ্জন কীভাবে শুরু হয়েছে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি।
বারবার একই ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ায় এবারও নিজের বিরক্তি প্রকাশ করলেন ভানিজা। তবে শোয়েব মালিকের সঙ্গে তার বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া দাবির পক্ষে কোনও সত্যতা পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























