হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হবে বাংলাদেশ
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
পাকিস্তান সফরে গিয়ে ভারতের তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং দেশটির সঙ্গে উপনিবেশের মতো আচরণ করেছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ১৯৭১ সালে বাঙালিদের সহায়তা করা ভারতের মূল লক্ষ্য ছিলো না; বরং পাকিস্তানকে দুর্বল করতেই দেশটি কাজ করেছিলো।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার বক্তব্য পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
আলাপকালে স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেন,
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনাকে ভারত ফেরত দিতে অস্বীকৃতি জানালে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন,
ভারত বাঙালি জনগণকে সহায়তা করার জন্য নয়, বরং পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্য নিয়ে কাজ করেছিলো।
তার অভিযোগ, সে সময়ও বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিলো।
স্পিকার আরও বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচার প্রত্যাখ্যান করেছে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দেন।
হাসিনাকে ফেরত চেয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি
২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন। এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। আগামী ১০ বছরের মধ্যে তার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনাও খুব কম বলে মন্তব্য করেন তিনি।
স্পিকারের অভিযোগ,
শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আছেন। ভারত তাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টিও আলোচনায় আসে। স্পিকার দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের বিবেচনার কথা জানান। তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও দলটি অংশ নিতে পারেনি।
পাকিস্তানে ছয় দিনের সরকারি সফরে স্পিকার
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর তার এ সফর শুরু হয়। বাংলাদেশের জাতীয় সংসদের কোনও স্পিকারের এটিই প্রথম সরকারি পাকিস্তান সফর।
সফরে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদল বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন স্পিকার।
সূত্র: নিউজ১৮
সবার দেশ/কেএম




























