Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:১৩, ২৬ নভেম্বর ২০২৬

চীনের সঙ্গে রাজনৈতিক সখ্যতা চায় সরকার: ইসমাইল জবিউল্লাহ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও ধরনের হস্তক্ষেপ না করার নীতি পুনর্ব্যক্ত করেছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের জনগণের নিজেদের উন্নয়নের পথ স্বাধীনভাবে বেছে নেয়ার অধিকারকেও সম্মান করে চীন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে চীন ঢাল হয়ে পাশে থাকবে।

একই সঙ্গে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. লিউ ইউইন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের জনগণ নিজেদের উন্নয়নের পথ নিজেরাই বেছে নেবে—এ অধিকারকে চীন সম্মান করে। দুই দেশের মধ্যে অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়েও কাজ করছে বেইজিং।

চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির আহ্বান জানান তিনি।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে কারখানা স্থাপন এবং উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। শুধু পণ্য আমদানি-রফতানির মধ্যে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সীমাবদ্ধ না রেখে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে হবে।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পশ্চিমা বাজারে গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ ১৮ দশমিক ৮৫ শতাংশ। বিপরীতে চীনে বাংলাদেশের রফতানির পরিমাণ মাত্র ১ দশমিক ৭১ শতাংশ। এ পরিস্থিতির পরিবর্তনে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, দক্ষ জনশক্তি ও বাজারসুবিধা কাজে লাগিয়ে চীনা উদ্যোক্তারা এখানে কারখানা স্থাপন করতে পারেন। বাংলাদেশ থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এ ধরনের বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর সম্ভাবনা তৈরি হবে।

দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বেড়েছে। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ঘোষিত ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ গঠনের অঙ্গীকার দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। এখন এ সম্পর্ককে বাস্তবভিত্তিক অর্থনৈতিক সহযোগিতায় রূপ দেয়ার সময় এসেছে।

আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরকে গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াউকফিউ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি কিয়াউকফিউ বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সমুদ্রপথে সংযোগ স্থাপন করা গেলে কার্যকর আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে তোলা সম্ভব। তবে এ ধরনের উদ্যোগে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এ করিডোর বাস্তবায়নে বাংলাদেশ কাঠামোগত ত্রিপক্ষীয় সংলাপ চায় বলেও জানান তিনি। তার মতে, শুধু অবকাঠামো নির্মাণ নয়, সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক সংহতি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এ জন্য রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি ও অর্থনৈতিক স্বার্থ পর্যালোচনার পাশাপাশি গবেষণা, সম্ভাব্যতা সমীক্ষা এবং নীতিগত সংলাপ প্রয়োজন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ তৈরিতে মিয়ানমারের রাখাইন রাজ্যের স্থিতিশীলতা জরুরি। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের গঠনমূলক ও জোরালো কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।

এ ছাড়া বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে আধুনিক ও পরিবেশবান্ধব লজিস্টিকস হাবে রূপান্তরের ক্ষেত্রে চীনের সহযোগিতা কামনা করেন তিনি। মাতারবাড়ীর মতো আরও একটি বড় বন্দর অবকাঠামো নির্মাণ এবং চাঁদপুরকে সম্ভাবনাময় বন্দর ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন উপদেষ্টা। পাশাপাশি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে একটি শিপিং ও লজিস্টিকস কোম্পানি প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র রিসার্চ ফেলো ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

সেমিনারে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সবার দেশ/এমকেজে

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল
থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
যুদ্ধ বন্ধে ইরানের যেকোনও শর্ত মানতে রাজি ৫৫% মার্কিনি
৮ কোটি ভোটেও সেরা ৩০-এ ঠাঁই হলো না মাহির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে
টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী