‘ময়লা টানেন তারা, পকেটে ভরেন নেতারা’
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে হাইকোর্টে রিট
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে বর্জ্য সংগ্রহের নামে মাসিক ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে দাবি করা হয়েছে, হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে একই সেবার জন্য ইতোমধ্যে অর্থ আদায় করা হয়, তাই আলাদাভাবে ভ্যানসেবার নামে মাসিক ফি নেয়া আইনসম্মত নয়।
রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
‘ময়লা টানেন তারা, পকেটে ভরেন নেতারা’ শিরোনামে গত ১৮ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি করা হয়েছে।
রিটটি বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিটের বিষয়ে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে বাসাবাড়ি থেকে বিভিন্ন সেবার জন্য অর্থ আদায় করে থাকে। ওই করের মধ্যেই বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনার খাত অন্তর্ভুক্ত রয়েছে। ফলে একই সেবার জন্য আবার ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের নামে মাসিক ফি আদায় করা দ্বৈত অর্থ আদায়ের শামিল এবং এটি বেআইনি।
তিনি আরও বলেন, এ কারণেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধে আদালতের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
আইনজীবী জানান, এর আগে গত ১০ জুন বাসাবাড়ি থেকে ময়লার বিল আদায় বন্ধের দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে পৃথক আবেদন করা হয়েছিলো। কিন্তু তাতে কোনও কার্যকর পদক্ষেপ না নেয়ায় চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়।
নোটিশের পরও দৃশ্যমান কোনও ব্যবস্থা না নেয়ায় শেষ পর্যন্ত বিষয়টি আদালতের নজরে আনতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সবার দেশ/কেএম




























