Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ৫ মার্চ ২০২৬

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা
ছবি: সংগৃহীত

বাসা থেকে ময়লা সংগ্রহে নির্ধারিত ১০০ টাকার বেশি আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (৪ মার্চ) লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ডিএসসিসি নির্ধারিত বাসা থেকে ময়লা সংগ্রহের বিল ১০০ টাকা। এর বেশি কেউ দাবি করলে নাগরিকদের সরাসরি সিটি কর্পোরেশনে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে বলেও স্পষ্ট করেন।

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির আওতাধীন কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ নিবন্ধন ফি ১ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।

তিনি বিএনপির নেতাকর্মীসহ নগরবাসীর প্রতি সিটি কর্পোরেশনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। প্রশাসক বলেন, ঢাকা শহর বাংলাদেশের মুখ। বিদেশ থেকে কেউ এলে রাজধানী দেখেই দেশের সার্বিক চিত্র সম্পর্কে ধারণা নেয়। তাই ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

পুরান ঢাকাকে ‘আদি ঢাকা’ উল্লেখ করে প্রশাসক বলেন, দক্ষিণ সিটির মধ্যে পুরান ঢাকাকেই সবচেয়ে উন্নত এলাকায় রূপান্তর করা তাদের লক্ষ্য। সেখানে সড়কবাতি নিয়মিত জ্বলবে, বর্জ্য দ্রুত অপসারণ হবে এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা থাকবে—এমন একটি পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে ডিএসসিসি।

সবার দেশ/কেএম