জমি দখল ও চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
কেরানীগঞ্জে জমি দখল এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় জাহাঙ্গীর (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি)। সোমবার (২ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের খাড়াকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এ মামলার প্রধান আসামি কলাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান আওয়াল শিকদারসহ আট আসামি এখনও পলাতক রয়েছেন।
মামলা ও আদালতের নথি সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের তারানগর এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে আওয়াল শিকদারকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় মোট নয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, খাড়াকান্দি এলাকায় বাদীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন আসামিরা। ওই জমিতে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে তাদের সঙ্গে বাদীর বিরোধ তৈরি হয়। একপর্যায়ে জমির মালিকানা ছেড়ে দেয়ার বিনিময়ে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধর করা হয়। তাদের প্রাণনাশের হুমকিও দেয়া হয়। একই সঙ্গে ওই জমিতে কোনও ধরনের নির্মাণকাজ করতে দেয়া হবে না বলে বাধা দেন আসামিরা।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৫ মার্চ থেকে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করা হয়। তদন্ত শেষে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৮৫ ও ৫০৬ ধারাসহ বিভিন্ন ধারায় আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরে তারা আদালতে হাজির না হওয়ায় সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন আওয়াল শিকদার, নাসির উদ্দিন, মহিউদ্দিন মিলন, হৃদয়, দিপু, সজিব, হৃদয় শিকদার ও আমিনুর। তাদের সবার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এসআরবি-১০ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, এসআরবি-১০ একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
সবার দেশ/কেএম




























