টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
টানা চার দিনের ভারী বর্ষণ, জলাবদ্ধতা এবং পাহাড়ধসের আশঙ্কায় রাঙ্গামাটি পার্বত্য জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবারও (৯ জুলাই) শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন।
তিনি জানান, টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের আশঙ্কাও বেড়েছে। এ অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবারও পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কফিল উদ্দিন বলেন, রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার অনেক শিক্ষার্থী পাহাড়ি দুর্গম পথ, খরস্রোতা ছড়া ও ঝিরি পার হয়ে বিদ্যালয়ে আসে। টানা বর্ষণে এসব পথ বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও জানান, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জেলার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। ফলে সেসব বিদ্যালয়েও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
সবার দেশ/কেএম




























