Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৭, ২২ মে ২০২৬

শিশুর ধর্ষককে ছিনিয়ে নেয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক

শিশুর ধর্ষককে ছিনিয়ে নেয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
ছবি: সংগৃহীত

মাইক্রোফোন ধরা যে হাতে সংবাদ তুলে ধরতেন মানুষের কাছে, সে হাতেই এখন গুলির ক্ষত। চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জনতার বিক্ষোভ কাভার করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছেন দুই তরুণ সাংবাদিক। গুরুতর আহত অবস্থায় তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে। শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত এক যুবককে আটক করার পর তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আহত সাংবাদিকরা হলেন—অনলাইন সংবাদমাধ্যম ‘চট্টগ্রাম প্রতিদিন’-এর সাংবাদিক নোবেল হাসান ও মামুন আবদুল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে লাইভ সম্প্রচার চলাকালে পুলিশের ছোড়া গুলিতে তারা আহত হন।

গুলিতে নোবেল হাসানের বাম হাতের আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তার দুই পায়েও গুরুতর আঘাত লেগেছে। অন্যদিকে সাংবাদিক মামুন আবদুল্লাহ কোমরে গুলিবিদ্ধ হয়েছেন। প্রথমে তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলেও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান ঘাটা এলাকার একটি ডেকোরেশনের দোকানের কর্মচারী চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত যুবক যে ভবনে লুকিয়ে ছিলো, সেটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে জনতার বাধার মুখে পড়লেও পরে পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। তবে তাকে থানায় নেয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানায়।

শিশুটির এক আত্মীয় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ধর্ষকের ফাঁসি চাই। ওকে পুলিশের হাতে দেবো না, আমাদের হাতে তুলে দিতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে। এতে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া বলেন, ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেয়া হলেও কিছু মানুষ আইন নিজেদের হাতে তুলে নেয়ার চেষ্টা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ান শর্মা জানান, দায়িত্ব পালন করতে গিয়েই দুই সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বর্তমানে বাকলিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যান চলাচল আংশিকভাবে ব্যাহত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল