ছেলে ৬ বিষয়ে ফেল, ক্ষুব্ধ বাবা পেটালেন প্রধান শিক্ষককে
যশোরের ঝিকরগাছায় ছেলের পরীক্ষার ফলাফল মনঃপূত না হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই ব্যক্তি। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত প্রধান শিক্ষকের নাম ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিও। অভিযুক্ত অভিভাবক ইউনুস আলী (৪০) অকৃতকার্য শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা।
বিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষরিত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে শিক্ষার্থী আরফিন আহমেদ ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়। ছেলের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে পরদিন সকালে বিদ্যালয়ে যান তার বাবা ইউনুস আলী।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে গিয়ে তিনি সরাসরি প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় কোনও কিছু বুঝে ওঠার আগেই প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিওকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আকস্মিক এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ইউনুস আলীর স্ত্রীও বিদ্যালয়ে এসে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়েছেন। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিদ্যালয় কর্তৃপক্ষ ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে।
প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি।
সমিতির সভাপতি মো. আহাছান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সোহাগ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ন্যক্কারজনক ঘটনা কোনওভাবেই মেনে নেয়া যায় না। এ ধরনের হামলা শুধু একজন শিক্ষকের ওপর নয়, বরং সমগ্র শিক্ষক সমাজ ও শিক্ষা ব্যবস্থার ওপর চরম আঘাত।
বিবৃতিতে নেতারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এদিকে এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে।
সবার দেশ/এমকেজে




























