Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ৯ নভেম্বর ২০২৬

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে আসিফ মাহমুদের কটাক্ষ।

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দণ্ডিত হাসিনার দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনাকে উদ্দেশ করে কটাক্ষ করেছেন।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, 

পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।

আসিফ মাহমুদের এ মন্তব্য শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং তার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে।

পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত পলাতক হাসিনা।

রয়টার্স জানায়, সোমবার আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিটি পাঠান।

চিঠিটি বাংলাদেশের দিল্লি মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের উদ্দেশে পাঠানো হয়। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।

চিঠিতে তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বানও জানানো হয়েছে।

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা

রয়টার্সের প্রতিবেদনে আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে। তার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথাও প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা নিজেও রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। তবে তার প্রত্যাবর্তনের বিষয়ে এখনো কোনও চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।

মৃত্যুদণ্ডের রায় ও রাজনৈতিক বাস্তবতা

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে তার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অন্যদিকে, অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

তাৎক্ষণিক মন্তব্য মেলেনি

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে মন্তব্য জানতে রয়টার্স দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিলো। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর, দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা এবং আসিফ মাহমুদের ‘খাঁচায় আসতে হবে’ মন্তব্য—সব মিলিয়ে বিষয়টি এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু