Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৬, ৮ সেপ্টেম্বর ২০২৬

জবির পুকুরে ডুবে মামি-ভাগ্নির মৃত্যু

জবির পুকুরে ডুবে মামি-ভাগ্নির মৃত্যু
ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মামি ও ভাগ্নির মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তেঘরিয়া ইউনিয়নের পূর্বদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জুলিয়া (২২) ও তার ১৬ বছর বয়সী ভাগ্নি রাবেয়া। তারা দুজনই দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আলুকান্দা এলাকার বাসিন্দা। রাবেয়া স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আর জুলিয়ার স্বামী শফিকুল ইসলাম কুয়েতপ্রবাসী। তাদের ১৬ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সোমবার দুপুরে পরিবারের ছয় সদস্য নির্মাণাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ঘাট বাঁধানো পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে সাঁতার না জানায় অসাবধানতাবশত জুলিয়া ও রাবেয়া পানিতে ডুবে যান।

তাদের ডুবে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় দুজনকে পানি থেকে উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিতে ডুবে যাওয়ার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে জুলিয়ার মৃত্যুর খবর পেয়ে তার স্বামী শফিকুল ইসলাম কুয়েত থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ: