Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ১৮ জানুয়ারি ২০২৬

অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে

চূড়ান্ত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ

চূড়ান্ত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া শেষ করে আজ রোববার (১৮- জানুয়ারি) অধ্যাদেশটির চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এখন এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যেই অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত করার আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে। এর মধ্যে ছিলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে খসড়া প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন এবং বিভিন্ন বিশেষজ্ঞের অভিমত গ্রহণ।

অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে সবার যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন এবং উত্থাপিত উদ্বেগগুলো বিবেচনায় নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে বলে জানানো হয়। বিশেষ করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে উপযোগী একটি কাঠামো নির্ধারণই ছিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মূল লক্ষ্য। সবার ধৈর্যশীল সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার কারণেই এ জটিল প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে আনা সম্ভব হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সময় ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমে নিয়মিত প্রেস রিলিজের মাধ্যমে তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক ও অবকাঠামোগত সংস্কারগুলো ধাপে ধাপে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা জরুরি। যেকোনও পর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু অধ্যাদেশটি এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তাই জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়—এমন কোনও কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে। কোনও আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের অর্জন ও পরিশ্রমকে ব্যাহত করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে, দীর্ঘদিনের ধৈর্য ও পারস্পরিক সহযোগিতার এ ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা সম্ভব হবে। যা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছে মন্ত্রণালয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ