মণিপুরে ভয়াবহ জাতিগত সংঘাত, নিহত ৫
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাতের জেরে পৃথক দুটি ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ্যটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, শনিবার মণিপুরের নোনে জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন। কারা এ গোলাগুলিতে জড়িত ছিলো এবং কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া কুকি সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে কাংপোকপি জেলার একটি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। পুলিশের পৃথক বিবৃতিতে জানানো হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালানোর সময় মরদেহের সন্ধান পাওয়া যায়।
এ হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দায়ী করেছে কুকি সম্প্রদায়ের একটি শীর্ষ সংগঠন। সংগঠনটির অভিযোগ, নিজেদের ভূমিতে কুকিদের লক্ষ্য করে সরাসরি ও বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে নাগা সংগঠনগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, মণিপুরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি, রাজনৈতিক অধিকার ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। নতুন করে পাঁচজনের মৃত্যুর ঘটনায় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
সবার দেশ/কেএম




























