বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে প্রস্তাবিত নীতিমালা সম্পর্কে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিভিন্ন খবরকে ‘অসত্য ও কাল্পনিক’ বলে দাবি করেছে সরকার।
শনিবার (৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। মন্ত্রণালয় বলেছে, এ ধরনের প্রতিবেদন ও আলোচনা জনমনে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নির্বিঘ্ন, নিরাপদ ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের কাজ চলছে।
মন্ত্রণালয়ের ভাষ্য, প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি একটি স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও জবাবদিহিমূলক জ্বালানি বাজার গড়ে তোলা। তবে নীতিমালাটি এখনো চূড়ান্ত হয়নি এবং এটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তও নেয়া হয়নি।
মন্ত্রণালয় জানিয়েছে, খসড়া নীতিমালা চূড়ান্ত করার আগে জ্বালানি খাতের সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, বাজারে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই কেবল নীতিমালাটি চূড়ান্তভাবে বিবেচনা করা হবে।
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির সুযোগ তৈরির মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার যে আলোচনা বা গুঞ্জন ছড়িয়েছে, সেটিও সরাসরি নাকচ করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, এ নীতিমালার মাধ্যমে কোনও বিশেষ ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই।
এদিকে, বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা তৈরির বিষয়টি সামনে আসে গত বৃহস্পতিবার। ওই দিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) আগামী ১০ আগস্টের মধ্যে প্রস্তাবিত নীতিমালার খসড়া জমা দিতে নির্দেশ দেয়।
জ্যেষ্ঠ সহকারী সচিব আসিফ আহমেদের সই করা ওই চিঠিতে বলা হয়, দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনে বেসরকারি খাতের অংশগ্রহণের জন্য একটি কাঠামো তৈরির উদ্দেশ্যে প্রস্তাবিত নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
চিঠিতে ‘বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে বিপিসিকে নির্দেশ দেয়া হয়।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বেসরকারি খাতকে সম্পৃক্ত করার বিষয়টি মূলত জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করার একটি উদ্যোগ। তবে নীতিমালা চূড়ান্ত হওয়ার আগে এর শর্ত, কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেয়া হবে।
ফলে এ বিষয়ে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন প্রচারকে ভিত্তিহীন আখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সবার দেশ/কেএম




























