ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখনই ব্যাট হাতে জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ ছক্কা ও ২ চারে মাত্র ৩৫ বলে অপরাজিত ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেও বাংলাদেশকে জয়ের পথে নিতে পারলেন না সাবেক এ অধিনায়ক। অস্ট্রেলিয়ার দেয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে ১৬৬ রানেই থামতে হয়েছে বাংলাদেশকে। ফলে ৩৭ রানের জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া।
শারজায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ম্যাচে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয়ের পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিলো।
২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৯ রানে রানআউট হয়ে ফেরেন রনি তালুকদার। এরপর ইমরুল কায়েস ও ফজলে মাহমুদ ৪১ রানের জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে নেন। কিন্তু এ জুটি ভাঙার পরই দ্রুত আরও চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।
৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে যখন বাংলাদেশের পরাজয় অনেকটাই নিশ্চিত, তখন একাই লড়াই শুরু করেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ২টি চার ও ৮টি ছক্কা। তার এ লড়াকু ইনিংসেই ১৬৬ রানের সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়েছিলো অস্ট্রেলিয়া। তবে এক প্রান্ত আগলে রেখে দলের রান বাড়াতে থাকেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৩৮ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি।
পরে কালাম ফার্গুসনের ৬৩ এবং বেন ডাঙ্কের অপরাজিত ৪৫ রানের ইনিংসে নির্ধারিত ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে ২০৪ রানের কঠিন লক্ষ্য দাঁড় করায় তারা।
বাংলাদেশের বোলারদের মধ্যে আবু জায়েদ ৩টি এবং জিয়াউর রহমান ২টি উইকেট নেন। তবে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ বড় অবদান রাখতে না পারায় জয় থেকে অনেক দূরেই থাকতে হয় বাংলাদেশকে।
টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হেরে এখন কঠিন অবস্থায় বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল।
সবার দেশ/কেএম




























