Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ১৭ নভেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস

প্রথমবার পরীক্ষামূলক সংযোগ। ৩৫০ মেগাওয়াট সরবরাহ শুরু। পূর্ণ সক্ষমতায় উৎপাদনের আগে চলবে কয়েক ধাপের কারিগরি পরীক্ষা।

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

এর মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। পারমাণবিক শক্তি ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থায় যুক্ত করার ক্ষেত্রে এটি দেশের প্রথম অভিজ্ঞতা।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম দফায় ৮ থেকে ১০ ঘণ্টা চলবে পরীক্ষা

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

প্রথম দফার পরীক্ষা শেষে প্রয়োজনীয় কারিগরি পর্যালোচনার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার প্রতিটি পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। এসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ধাপে ধাপে ট্রায়াল অপারেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেয়া হবে।

রিয়্যাক্টরে শুরু হয়েছে পারমাণবিক বিভাজন বিক্রিয়া

বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রূপপুরের প্রথম ইউনিটের রিয়্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হয়। পরবর্তী সময়ে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রিয়্যাক্টরের কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে। প্রয়োজনীয় কারিগরি যাচাই শেষে প্রথম ইউনিট স্টেজ-সি বা ধাপ-সি কার্যক্রমের জন্য চূড়ান্ত অনুমোদন পায়।

এ পর্যায়ে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার বিভিন্ন অংশের কার্যকারিতা পরীক্ষা করা হয়।

মাহমুদুল হাসান জানান, নির্ধারিত তাপমাত্রা ও চাপের পর্যায়ে পৌঁছানোর পর স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠানো হয়। বাষ্পের শক্তিতে টারবাইন ঘুরতে শুরু করে। টারবাইনের সঙ্গে সংযুক্ত জেনারেটরের মাধ্যমে উৎপাদিত হয় বিদ্যুৎ।

পরবর্তী ধাপে জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে।

গ্রিডে সংযোগ মানেই বাণিজ্যিক উৎপাদন নয়

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, মঙ্গলবার বিকেলে রূপপুরের প্রথম ইউনিটের গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার অংশ হিসেবেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎকেন্দ্রের সংযোগ স্থাপন করাই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার অর্থ নয়। এটি মূলত একটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা। এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড সে বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম, তা যাচাই করা হচ্ছে।

প্রথমবার বিদ্যুৎ সরবরাহের পর কয়েক ঘণ্টা ধরে এর কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের কার্যক্রম শুরু হবে।

পূর্ণ উৎপাদনে যেতে লাগবে আরও কয়েক মাস

প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটের প্রায় ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হবে। তবে উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে বাড়িয়ে শতভাগে পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে প্রতিটি ধাপ সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম গ্রিড সংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুটি ইউনিটে উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবায়নের পথে দেশ আরও এক ধাপ এগিয়ে গেলো।

তবে এ অগ্রগতির প্রকৃত সুফল পেতে হলে নিরাপত্তা, নিরবচ্ছিন্ন উৎপাদন, সাশ্রয়ী ব্যয় এবং দক্ষ পরিচালনা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রকল্পের পরবর্তী ধাপগুলো নির্ধারিত আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন করাই হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান চ্যালেঞ্জ।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে