প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
১৯ নভেম্বরের ‘লকডাউন’ সফল করতে সহিংসতার নির্দেশ দেয়ার দাবি সাংবাদিক জুলকারনাইনের; অডিওতে হত্যার কথাও শোনা যায়।
দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডে উসকে দেয়ার নির্দেশ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক—এমন অভিযোগ সামনে এসেছে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডকে কেন্দ্র করে। ওই অডিওতে ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত দুই থেকে তিনটি বাড়িতে আগুন দেয়ার কথা বলতে শোনা যায় তাকে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং প্রয়োজনে হত্যার কথাও রয়েছে অডিওতে।
প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের গত সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অডিওটি প্রকাশ করেন। তার দাবি, গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন এবং ইব্রাহিম হোসেন মুন অংশ নেন। বৈঠকে তারা দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন।
জুলকারনাইন সায়েরের ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকের অডিও রেকর্ড তার হাতে এসেছে এবং তিনি সেটি জনসমক্ষে প্রকাশ করেছেন।
অডিওতে বাড়িতে আগুন দেয়ার নির্দেশ
প্রকাশিত অডিওতে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, ১৯ নভেম্বরের কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে দুই থেকে তিনটি বাড়িতে আগুন দেয়ার ব্যবস্থা করতে হবে। তার বক্তব্যে আরও শোনা যায়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা আক্রমণ শুরু করেছে—এমন বার্তা দিতে হবে।
অডিওতে তাকে আরও বলতে শোনা যায়, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে হাসপাতালে পাঠানোর মতো ঘটনা ঘটাতে হবে। প্রয়োজনে প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি।
লাঠি, চেন ও দা নিয়ে নামার আহ্বান
অডিওর আরেক অংশে মোজাম্মেল হককে নেতাকর্মীদের কোমরে গামছা বেঁধে লাঠি, চেন ও দা নিয়ে মাঠে নামার আহ্বান জানাতে শোনা যায়। ১৯ নভেম্বরের কর্মসূচি সফল করার পাশাপাশি ৩১ তারিখ পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে ৩০ তারিখের মধ্যে প্রতিপক্ষকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্য নির্ধারণের কথা শোনা যায়।
বৈঠকে অংশ নেয়া ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ করে গালাগাল করতেও শোনা গেছে বলে দাবি করেছেন জুলকারনাইন সায়ের।
ভারতের কাছে বিষয়টি তোলার আহ্বান
ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের অভিযোগ করেন, ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের পলাতক নেতারা দেশটির ভূখণ্ডে বসে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যার নির্দেশ দিচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
তার আহ্বান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তুলে ধরে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ কীভাবে দেয়া হচ্ছে, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হোক।
সবার দেশ/এমকেজে




























