৪৫ দিন বন্ধ থাকার পর
আদ্-দ্বীন হাসপাতাল মঙ্গলবার থেকে খুলছে
ছয় শিশুর মৃত্যুর ঘটনায় টানা ৪৫ দিন বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পুনরায় চিকিৎসাসেবা চালুর অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতালটির বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা আবারও শুরু হবে।
সোমবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল হওয়ায় চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় চালুর সুযোগ সৃষ্টি হয়েছে। এ জন্য মহান আল্লাহতাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।
এছাড়া সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, হাসপাতালের সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সোশ্যাল মিডিয়ার কর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সময়ে হাসপাতালটির পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেয়া ব্যক্তি ও সংগঠনগুলোকেও ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, ছয় শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির কার্যক্রম স্থগিত করা হয়েছিলো। দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর লাইসেন্স পুনর্বহালের মাধ্যমে হাসপাতালটি আবারও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
সবার দেশ/কেএম




























