Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ২৮ জুলাই ২০২৬

উত্তপ্ত মধ্যপ্রাচ্য

সৌদির তেল স্থাপনায় ইরাক থেকে ড্রোন হামলা

সৌদির তেল স্থাপনায় ইরাক থেকে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চল ও রাজধানী রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ইরাকের ভূখণ্ড থেকে চালানো একাধিক ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল এবং রিয়াদ অঞ্চলের পেট্রোলিয়াম ও তেল স্থাপনাকে লক্ষ্য করে কয়েকটি ড্রোন ছোড়া হয়। তবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন আকাশেই ধ্বংস করে দেয়। এ ঘটনায় কোনও হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, এ ধরনের হামলা দেশের জ্বালানি অবকাঠামো ও জাতীয় নিরাপত্তাকে লক্ষ্য করে চালানো হয়েছে। তিনি দাবি করেন, ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত এ হামলার সঙ্গে ইরান-সমর্থিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত।

বিজ্ঞপ্তিতে সৌদি আরব জানায়, দেশের সার্বভৌমত্ব, গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার বৈধ অধিকার তাদের রয়েছে। একই সঙ্গে উপযুক্ত সময় ও স্থানে এ হামলার জবাব দেয়ার অধিকারও রিয়াদের সংরক্ষিত রয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে, সৌদি সরকার ইরাকের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইরাকের ভূখণ্ড যেনো কোনোভাবেই সৌদি আরবে হামলা চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহৃত না হয়। এ জন্য বাগদাদকে দ্রুত প্রয়োজনীয় আইনি ও সামরিক ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছে রিয়াদ।

তবে সৌদি আরবের এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরাক সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ১৩ দিনের সংঘাতের পর গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমতে শুরু করেছিলো। তবে সৌদির তেল স্থাপনাকে লক্ষ্য করে সর্বশেষ এ ড্রোন হামলার চেষ্টা অঞ্চলটিতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: