Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৩৭, ২৮ জুলাই ২০২৬

তদন্তের নির্দেশ আদালতের

পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
ছবি: সংগৃহীত

প্রাণনাশের হুমকি ও অজ্ঞাত ব্যক্তিদের অনুসরণের অভিযোগ এনে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এদিন জিডির তদন্তের অনুমতি বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে পিয়া জান্নাতুল নিজে আদালতে উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, জিডির অভিযোগ তদন্তের অনুমতির জন্য সোমবার শুনানির দিন নির্ধারণ ছিলো। শুনানি শেষে আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ৮ জুলাই জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি করেন পিয়া জান্নাতুল।

জিডিতে তিনি অভিযোগ করেন, সম্প্রতি এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে হুমকির মুখে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর বার্তা, ভয়ভীতি প্রদর্শন এবং অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্থানে তাকে অনুসরণ করছেন। এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে দাবি করেন।

সম্ভাব্য যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি সুরক্ষা কামনা করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান।

জিডিতে নিজের অবস্থানও স্পষ্ট করে পিয়া জান্নাতুল উল্লেখ করেন, অতীত বা বর্তমান—কোনও সময়ই তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না এবং তার বিরুদ্ধে চলমান এসব কর্মকাণ্ডের পেছনেও কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: