আইসিজের ঐতিহাসিক রায়
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার
প্রায় এক দশক আগে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া এক ঐতিহাসিক রায়ে দেশটিকে গণহত্যার দায়ে দায়ী করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে গণহত্যার দায়ে কোনও দেশকে বিশ্বের সর্বোচ্চ আদালতের সরাসরি দায়ী করার ঘটনা হিসেবে এ রায়কে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের এ আদালতের রায়ের মধ্য দিয়ে প্রায় সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের অবসান হলো। রাষ্ট্রীয় পর্যায়ে সংঘটিত গুরুতর অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে রায়টি বৈশ্বিক নজির তৈরি করেছে।
রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি বলেন,
আদালত পুরোপুরি নিশ্চিত যে, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ সংঘটিত করেছে।
২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সামরিক অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা এসব শরণার্থী গণহত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন।
হেগের আদালতের এ রায়ের দিকে বিভিন্ন দেশের সরকারও গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে ছিলো। কারণ, গণহত্যার অভিযোগে ভবিষ্যতের অন্যান্য মামলার বিচারেও রায়টি গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার করা গাজায় গণহত্যার মামলায় এর প্রভাব কী হয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ রয়েছে।
নাৎসি হলোকাস্টের পর জাতিসংঘের উদ্যোগে গণহত্যার সংজ্ঞা নির্ধারণ করা হয়। যুদ্ধাপরাধের তুলনায় গণহত্যার অভিযোগ প্রমাণ করা কঠিন। কারণ, কোনও জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়ের প্রমাণ থাকতে হয়।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের শিকার ব্যক্তিদের পক্ষে মামলাটি করে। এতে গণহত্যায় উসকানিমূলক বক্তব্য এবং রোহিঙ্গাদের ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত ধারাবাহিক কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়। রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় পালিয়ে যাওয়া মানুষের ওপর গুলি চালানো এবং শরণার্থীদের প্রত্যাবর্তনে বাধা দেয়ার অভিযোগও আনা হয়।
গত জানুয়ারিতে বাংলাদেশে অবস্থিত শরণার্থীশিবির থেকে আসা রোহিঙ্গাদের সাক্ষ্য শোনার উদ্যোগ নেয় আইসিজে। বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। অন্যদিকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ছয় লাখেরও কম রোহিঙ্গা অবশিষ্ট রয়েছেন বলে ধারণা করা হয়।
২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছিলেন, তাদের গ্রামগুলোতে পরিকল্পিতভাবে বেসামরিক মানুষকে গুলি করে হত্যা, গণকবর তৈরি এবং শিশুদের নদীতে ডুবিয়ে মারার ঘটনা ঘটেছে। মানবাধিকার তদন্তকারীরাও এসব ঘটনার কয়েকটি বিশ্লেষণ করে গণহত্যার অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছিলেন।
মামলার শুনানিতে গাম্বিয়ার বিচারমন্ত্রী দাওদা জালো আদালতকে বলেছিলেন, এ মামলা আন্তর্জাতিক আইনের জটিল কোনও তাত্ত্বিক বিষয় নিয়ে নয়। এটি বাস্তব মানুষ, তাদের অভিজ্ঞতা এবং একটি জনগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্ন।
তিনি বলেন, এটি মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে। তাদের ধ্বংস করার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, গণহত্যার মূল্যায়নে যৌন সহিংসতার বিষয়টি বিবেচনার ক্ষেত্রেও এ রায় গুরুত্বপূর্ণ। গণহত্যা সনদে কোনও জনগোষ্ঠীর মধ্যে সন্তান জন্মদান ঠেকানোর উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডকেও গণহত্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন,
রোহিঙ্গা নারীদের দলবদ্ধ ধর্ষণ এবং যৌনাঙ্গ বিকৃত করার মতো ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিলো, যাতে এ জনগোষ্ঠীর বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হয়।
তবে মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর গেরিলাধাঁচের হামলার জবাব দিতে সেনাবাহিনী অভিযান চালিয়েছিলো। মিয়ানমার কর্তৃপক্ষের ভাষায়, সেগুলো ছিলো নিরাপত্তা অভিযান।
২০১৬-১৭ সালের অভিযানের সময় মিয়ানমারের সেনাপ্রধানের দায়িত্বে থাকা মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আইসিজে রাষ্ট্রের বিচার করে, অন্যদিকে আইসিসি ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের বিচার করে।
২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। এরপর দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। তবে আদালতের সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক এবং এর গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রভাব রয়েছে। এ রায়ের ভিত্তিতে নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও চাপ তৈরি হতে পারে।
মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে ইসরাইল ও দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। কারণ, দক্ষিণ আফ্রিকার করা গাজায় গণহত্যার মামলায় বিচারকেরা কী ধরনের আইনি মানদণ্ড প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে মিয়ানমারের মামলার রায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। জাতিসংঘের স্বাধীন তদন্ত এবং গণহত্যা বিশেষজ্ঞরাও গাজায় গণহত্যার অভিযোগ তুলে ধরেছেন।
মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের রায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিশেষ করে আইসিজের বিচারকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনায় এসেছে।
এর আগে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিলো। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপও রয়েছে।
এর আগে ১৯৯০-এর দশকে বলকান যুদ্ধের নৃশংসতা নিয়ে জাতিসংঘের দুটি মামলায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা হয়নি। তবে বসনিয়ার স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করা হয়েছিলো।
হলোকাস্টের পর জাতিসংঘের বিভিন্ন ট্রাইব্যুনাল হাতে গোনা কয়েকটি ঘটনায় গণহত্যার প্রমাণ পেয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলের হত্যাযজ্ঞ এবং ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ড।
সবার দেশ/কেএম




























